প্রভাকরণের মা ও শাশুড়ি চাইলে ভারতে যেতে পারেন: রাজাপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে গতকাল মঙ্গলবার বলেছেন, লিবারেশন টাইগার অব তামিল ইলমের (এলটিটিই) প্রয়াত নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের মা ও শাশুড়ি চাইলে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না। খবর পিটিআইর। কলম্বোয় বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজাপক্ষে বলেন, প্রভাকরণের মা ও শাশুড়ি চাইলে এবং ভারতীয় কর্তৃপক্ষ রাজি হলে তাঁরা ভারতে গিয়ে বসবাস করতে পারবেন।প্রভাকরণের চাচাতো ভাই রাজেন্দ্র শ্রীলঙ্কা সরকারের কাছে প্রভাকরণের মাকে ভারতের তামিলনাড়ুতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে প্রভাকরণের মা পার্বতী পিল্লাই ও শাশুড়ি ইরাম্বু তাঁদের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো কথা প্রকাশ করেননি। কিছুদিন আগে প্রভাকরণের বাবা ভেলুপিল্লাই সেনা হেফাজতে মারা যান। প্রভাকরণের বড় ছেলে চার্লস অ্যান্থনি বাবার মৃত্যুর আগেই গত বছর সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হন। তবে তাঁর স্ত্রী এবং ছোট ছেলের অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রেসিডেন্ট রাজাপক্ষে বলেন, প্রভাকরণের বাবা মারা যাওয়ার পর তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে। তাঁর মরদেহ সংরক্ষণে সুব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তাঁর শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকটি গাড়িও বরাদ্দ করা হয়। প্রেসিডেন্ট বলেন, এলটিটিইর প্রধানের বাবার শেষকৃত্যানুষ্ঠানে তিন শতাধিক লোক যোগ দিয়েছেন। জাফনায় এ সপ্তাহের শুরুতে এ শেষকৃত্যানুষ্ঠানে প্রভাকরণের মা ও শাশুড়িও অংশ নেন। এদিকে রাজাপক্ষে বৃহত্তর স্বায়ত্বশাসনের জন্য জাতিগত তামিলদের দাবির প্রেক্ষিতে তাদের জন্য কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, সংখ্যালঘু তামিলদের পার্লামেন্টে আরো বেশি কথা বলার সুযোগ করে দিতে ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য দীর্ঘদিনের দাবি পূরণে তিনি ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিচ্ছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজাপক্ষে এ প্রস্তাব দিলেন। আগামী ২৬ জানুয়ারি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।