প্রভাবশালী ১০০ জনে সু চি হিলারি ও আম্বানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম সাময়িকীর ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী’ ১০০ ব্যক্তির এবারের তালিকায় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, ক্রিকেটে ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির নাম রয়েছে। গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়।তালিকার এক নম্বরে রয়েছে মিসরের গণ-অভ্যুত্থানের নেতা ওয়ায়েল ঘোনিমের নাম। সার্চ ইঞ্জিন গুগলের নির্বাহী ৩০ বছর বয়সী ওয়ায়েল ঘোনিম ওই গণ-অভ্যুত্থানে নায়ক বনে যান। অভ্যুত্থানে প্রায় ৩০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। তিউনিসিয়ার গণ-অভ্যুত্থানে উৎসাহ জোগানো হামাদা বেন আমরও এই তালিকায় স্থান পেয়েছেন।এই তালিকায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, লিবিয়ার নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম, ইরাকের তরুণ শিয়া নেতা মুকতাদা আল সদরেরও নাম রয়েছে। সাইফ আল ইসলামের নাম এলেও প্রায় ৪২ বছর ধরে লিবিয়া শাসন করা তাঁর বাবা মুয়াম্মার গাদ্দাফির নাম এই তালিকায় আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়া অভিযানের অনুমোদন হওয়ার পর গাদ্দাফির চেয়ে সাইফ বিশ্ব গণমাধ্যমে বেশি এসেছেন। জাপানে গত ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির সময় বিপর্যস্ত মানুষদের ফেলে রেখে আসতে রাজি না হওয়া স্থানীয় চিকিৎসক তাকেশির নাম রয়েছে এই তালিকায়।তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অ্যারিজোনায় আততায়ীর গুলিতে আহত কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ড প্রমুখ। তবে তালিকায় চীন ও ভারতের কোনো রাজনীতিবিদের নাম আসেনি।তালিকায় দক্ষিণ কোরিয়ার পপতারকা রেইনের নাম এসেছে। নাম এসেছে চীনের ভিন্নমতাবলম্বী নেতা ও কারাগারে বন্দী শিল্পী আই ওয়েইওয়েইয়ের। এতে প্রিন্স উইলিয়াম ও তাঁর হবু স্ত্রী কেট মিডলটনেরও নাম রয়েছে। আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নামও টাইম সাময়িকীর প্রভাবশালীদের তালিকায় রয়েছে। এএফপি, রয়টার্স।