প্রভাবশালীর তালিকায় মালালা ও মালিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ও মালিয়া
মালালা ও মালিয়া

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকীর এ বছরের ১৬ শীর্ষ প্রভাবশালী কিশোর-তরুণের তালিকায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের আলোচিত কর্মী মালালা ইউসুফজাই।

টাইম-এর প্রভাবশালী কিশোর-কিশোরীর তালিকায় রয়েছে কণ্ঠশিল্পী, খেলোয়াড়, প্রযুক্তি ও বিজ্ঞানে বিশেষ প্রতিভার অধিকারী শিশু ও গণমাধ্যম তারকা। নিজেদের কাজের মধ্য দিয়ে এসব কিশোর-তরুণ বিশ্বজুড়ে তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

টাইম বলেছে, মালিয়া (১৫) ও তার ছোট বোন সাশা তাদের বাবা ওবামার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় অভিষেক ভাষণের মতো বড় মাপের অনুষ্ঠানে পরিপক্ব ও মানানসই আচরণ দেখিয়েছে।
মালালাকে (১৬) তালিকায় স্থান দেওয়ার বিষয়ে টাইম বলেছে, কিশোরীদের শিক্ষার অধিকার নিয়ে মালালার জোরালো কণ্ঠস্বর তাকে তালেবানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হামলার পর সে ভয়ে লুকিয়ে থাকেনি, বরং তার প্রতিবাদী কণ্ঠকে আরও শক্তিশালী করেছে। তালিকায় আরও আছে ১৯ বছর বয়সী কানাডীয় বংশোদ্ভূত কণ্ঠশিল্পী ও পপ তারকা জাস্টিন বিবার, ১৬ বছর বয়সী দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত গলফ খেলোয়াড় লিডিয়া কো। পিটিআই।