প্রমোদতরী থেকে আরও দুজন উদ্ধার
ইতালির একটি দ্বীপের কাছে বালুচরে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া থেকে আরও তিন যাত্রীকে জীবিত পাওয়া গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর তাঁদের জীবিত পাওয়া যায়। এঁদের মধ্যে দুজনকে উদ্ধার করা হযেছে।জীবিত পাওয়া এই তিন যাত্রীর মধ্যে প্রমোদতরীর একটি কেবিনে ছিলেন দক্ষিণ কোরিয়ার এক দম্পতি। এ ছাড়া অপর এক ব্যক্তি যার পরিচয় এখনো জানা যায়নি। কোরীয় ওই দম্পতি হানিমুনে ছিলেন। শনিবার রাতে অর্ধনিমজ্জিত ওই জাহাজের একটি কেবিন থেকে আসা কণ্ঠস্বর শুনে উদ্ধারকারী দল প্রথমে কোরীয় ওই দম্পতিকে শনাক্ত এবং পরে উদ্ধার করেন। অগ্নিনির্বাপক দলের এক মুখপাত্র জানান, গতকাল (রোববার) সকালে জাহাজের ভেতরে জীবিত তৃতীয় ব্যক্তির অবস্থান চিহ্নিত করা গেলেও তাঁকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করা গেছে। তাঁরা হলেন, ফ্রান্সের দুজন নাগরিক এবং তৃতীয়জন পেরুর অধিবাসী ও জাহাজটির ক্রু। বিবিসি।