প্রশিক্ষণে গুলির নিশানায় কিম, ক্ষুব্ধ পিয়ংইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় অস্ত্র প্রশিক্ষণকালে গুলির নিশানায় উত্তর কোরীয় নেতাদের ছবি ব্যবহারের খবর প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং। তারা হুমকি দিয়ে বলেছে, দোষী সেনাদের শাস্তি না দিলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।দক্ষিণ কোরিয়ার সেনারা গুলি ছোড়ার প্রশিক্ষণকালে লক্ষ্যস্থলে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল, তাঁর প্রয়াত বাবা ও দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল-সাং এবং কিম জং ইলের ছোট ছেলে কিম জং উনের ছবি ব্যবহার করে থাকে। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রচারমাধ্যম চলতি সপ্তাহে ছবিসহ এ খবর প্রকাশ করে।উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়া এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িত সেনাদের শাস্তি না দিলে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।