প্রশ্ন করতে বন্দিজীবন

অক্টোবর মাসে শিক্ষকেরা পাঠদান করবেন না—তাহলে কী তাঁদের এই পুরো মাস ছুটি? না, ছুটি নয়। ছুটির বদলে শিক্ষকদের একদম নির্জন ও গোপন স্থানে আটক করে রাখা হয়। এ সময় কারও সঙ্গে তাঁদের যোগাযোগ করতে দেওয়া হয় না। পাঠদানের বদলে বন্দী জীবনযাপন করতে হয় শিক্ষকদের।
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর অক্টোবর মাসে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে স্কুল ও কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির জন্য দেশটির শিক্ষকদের সাধারণ মানুষ থেকে একদম আলাদা করে রাখা হয়। অপরাধ চক্রের লোকজনের মতো একটি গোপন ও নিরাপত্তা প্রহরীবেষ্টিত ভবনে তাঁদের আটক রাখা হয়।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে জানানো হয়, এই পুরো মাসজুড়ে দেশটির সাধারণ শিক্ষক থেকে অধ্যাপকদের একটি বাড়ির মধ্যে আটক করে রাখা হয়। এ সময় তাঁদের কারও সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না। জনসাধারণের কাছ থেকে তাঁদের একদম বিচ্ছিন্ন করে রাখা হয়। এ সময়ে তাঁদের একমাত্র কাজ হলো নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা।
নাম প্রকাশ না করার শর্তে কোরিয়ার ইনস্টিটিউট ফর কারিকুলাম অ্যান্ড ইভালুয়েশনের (কেআইসিই) একজন কর্মকর্তা বলেন, ‘ঝুঁকিটা সব সময় থেকেই যায়। এ কারণে তথ্য ফাঁসের কোনো আশঙ্কা কাটাতেই আমরা এ ব্যবস্থা নিয়েছি।’
প্রায় ৭০০ জন শিক্ষককে বইপত্র দিয়ে প্রতিবছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে একটি গোপন স্থানে বন্দী করে রাখা হয়। সাধারণত দেশটির নামকরা স্কুল-কলেজের গণিত ও ইংরেজি বিষয়ের অধ্যাপক ও শিক্ষকদেরই এভাবে নির্জন বন্দিদশায় রাখা হয়। এ সময়ে তাঁদের সঙ্গে পরিবার বা ব্যক্তিগত চিকিত্সকের সঙ্গেও কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না। এখানে তাঁদের প্রধান কাজ হলো প্রশ্নপত্র তৈরি করা। যাঁরা এ কাজ করেন, কাজ শেষে তাঁদের একটি ভাতা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষককে এই কাজের জন্য প্রায় সাত লাখ ৭৮ হাজার ২০০ টাকা (১০ হাজার মার্কিন ডলার) করে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এ ব্যাপারে অভিজ্ঞ একজন শিক্ষক জানান, এ কাজটি খুব চাপের। বন্দী থাকার সময় কেউ ওই ভবন ত্যাগ করতে পারে না। পুরো ভবনটি গোপন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সব সময় ভবনটি পাহারা দিয়ে রাখে। এই ভবনের ভেতরে ফোন বা ইন্টারনেটেরও কোনো সংযোগ নেই। এতে পরিবারসহ সবার সঙ্গে একধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও ২০১২ সালের পরীক্ষা কমিটির প্রধান ওন অরইয়াং বলেন, ‘প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ৬০ হাজার শিক্ষার্থী স্কুল ও কলেজগুলোতে ভর্তি হয়। তাই প্রশ্নকারীকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে।’ শিক্ষকদের এই বন্দী অবস্থায় রাখা প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।’
চলতি বছর স্কুল ও কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর।