প্রশ্ন তুললেন মিরিয়ামের বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের কাছে পুলিশের গুলিতে নিহত নারী মিরিয়াম ক্যারি। মিরিয়ামের বোন গত শুক্রবার এ কথা জানিয়ে তাঁকে গুলি করে হত্যার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

মিরিয়ামের বোন অ্যামি ক্যারি-জোনস নিউইয়র্ক পুলিশের সাবেক সার্জেন্ট। তিনি শুক্রবার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সন্তান জন্ম দেওয়ার কয়েক মাসের মাথায় মিরিয়ামের প্রসব-পরবর্তী বিষণ্নতা শনাক্ত হয়। মিরিয়াম একজন ভালো মা ও আইন মেনে চলা নাগরিক ছিলেন উল্লেখ করে অ্যামি বলেন, তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

 বোন মিরিয়ামকে হত্যার বিষয়ে প্রশ্ন তুলে অ্যামি বলেন, ‘আমি এ বিষয়ে নিঃসন্দেহ যে সেখানে পুলিশের বন্দুক ব্যবহারের কোনো দরকার ছিল না। কারণ, গাড়িটি থেকে কোনো গুলি আসেনি।’

৩৪ বছর বয়সী মিরিয়াম বৃহস্পতিবার একটি টয়োটা ইনফিনিটি গাড়ি চালিয়ে প্রথমে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীদের বাধার মুখে তিনি পরে দ্রুতগতিতে ক্যাপিটল হিলের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ এ সময় গুলি করে তাঁকে হত্যা করে।

শরীরে আগুন দিয়ে আত্মহত্যা: এদিকে মিরিয়াম ক্যারি নিহত হওয়ার পরদিনই ওয়াশিংটনের ন্যাশনাল মলের ভেতরে শুক্রবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার কারণ জানা যায়নি। রয়টার্স।