প্রস্তাবের খসড়া করছে হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীরা আট বছরের মধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পেতে পারেন। এ ব্যাপারে হোয়াইট হাউস একটি খসড়া পরিকল্পনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় দৈনিক ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, খসড়া পরিকল্পনায় নিরাপত্তা খাতের তহবিলে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের আগামী চার বছরের মধ্যে তাঁদের প্রতিষ্ঠানে অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কর্মীর অভিবাসন অবস্থা নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে। এই খসড়া পরিকল্পনা ইতিমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাসরত এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী ‘আইনসংগত সম্ভাব্য অভিবাসী’ ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোনো অবৈধ অভিবাসী ভিসার জন্য আবেদন করলে তাঁর অতীত ইতিহাস খতিয়ে দেখা হবে। এরপর আরও কিছু প্রক্রিয়া শেষে নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। কোনো ব্যক্তি একবার ভিসা পেয়ে গেলে তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে ও চাকরি করতে পারবেন। অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে গেলেও তাঁর এই সুবিধা বহাল থাকবে।ইউএসএ টুডে জানায়, ভিসা পাওয়া ব্যক্তিরা একটি পরিচয়পত্র পাবেন, যার বলে তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করবেন। তিনি আট বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করতে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই গ্রিন কার্ড পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার স্টেট অব ইউনিয়নের ভাষণে ‘কয়েক মাসের মধ্যে অভিবাসন আইন সংস্কারে’ কংগ্রেসের প্রতি আহ্বান জানান। ওবামার দল ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির চারজন করে মোট আটজন সিনেটরকে নিয়ে গঠিত বিশেষ কমিটি গত মাসে অভিবাসন আইন সংস্কার নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করে।যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিতে অভিবাসন আইন সংস্কারে এবারই প্রথমবারের মতো একমত হয়েছে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি। তবে সংস্কারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি দুই দলের নেতারা। রিপাবলিকান পার্টি এই সংস্কার-প্রক্রিয়ার আগে যুক্তরাষ্ট্রের সীমান্তে কড়াকড়ি আরও জোরদার করার পক্ষে। ডেমোক্র্যাটরা বলছেন, সীমান্তে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। ওবামার আমলে বিভিন্ন সময় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।অভিবাসন আইন সংস্কার করার বিষয়টি ওবামার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে তিনি তোড়জোড় শুরু করেন। ওবামা বলেছেন, অভিবাসন আইন সংস্কারে কংগ্রেস শিগগিরই মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি নিজেই অভিবাসন আইন সংস্কার বিল পার্লামেন্টে উপস্থাপন করবেন। এএফপি।