প্রহসন বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনপ্রণেতাদের উদ্দেশে ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিপক্ষ রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেছেন, ‘প্রহসন বন্ধ করুন। কোনো শর্ত না দিয়ে কেন্দ্রীয় বাজেট পাস করে বর্তমান অচলাবস্থার নিরসন করুন।’ সরকারি ঋণসীমা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে প্রধান দুই দলের মতানৈক্যের জের ধরে যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ‘শাট ডাউন’ নামের এই অচলাবস্থা চলছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় সরকারের আট লাখ কর্মী কাজ ও বেতনবঞ্চিত আছেন। জাতীয় পার্ক, পরিবেশ সুরক্ষাবিষয়ক সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাসহ বেশ কিছু সেবা খাতের কার্যক্রম বন্ধ রয়েছে। ৩০ সেপ্টেম্বর অর্থবছর শেষ হওয়ায় এসব খাতে নতুন অর্থ বরাদ্দের প্রয়োজন হয়। কিন্তু ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা মতৈক্যে না পৌঁছায় নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে গতকাল শনিবার সাপ্তাহিক বেতার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট অচলাবস্থা নিরসনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রতি আহ্বান জানালেন। নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় ওবামা চাইলেও সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দসংক্রান্ত বিল পাস করাতে পারছেন না। ওবামা তাঁর ভাষণে বলেন, উচ্চকক্ষ সিনেট ইতিমধ্যে একটি বাজেট অনুমোদন করেছে। ওই বাজেটে সমর্থন দেওয়ার জন্য প্রতিনিধি পরিষদে অনেক ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতা আছেন। ওবামা বলেন, ‘কট্টর ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতারা অচলাবস্থার নিরসন চান না। তাই প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা জন বোয়েনার ওই বিল “হ্যাঁ” অথবা “না” ভোটে দিয়েছেন।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভোট হোক। প্রহসন বন্ধ করুন। এখনই বর্তমান অচলাবস্থার নিরসন করুন।’ তিনি কট্টর ডানপন্থী রিপাবলিকানদের উদ্দেশে বলেন, ‘অচলাবস্থা নিরসন বা ঋণসীমা বৃদ্ধি করার জন্য আমি কোনো মুক্তিপণ দেব না।’ সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দের ব্যাপারে রিপাবলিকানরা সম্মত না হলে এবং সরকারের ঋণসীমা বৃদ্ধি না করলে ওবামা বাজেট নিয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সরকারের ঋণসীমা বৃদ্ধি করার সময়সীমা ১৭ অক্টোবর শেষ হচ্ছে। রাজস্ব বিভাগ আশঙ্কা প্রকাশ করে বলেছে, ঋণসীমা বাড়ানো না হলে দেশ ‘মহাদুর্যোগে’ পড়তে পারে।

এ প্রসঙ্গে ওবামা বলেন, অচলাবস্থা নিয়ে বেপরোয়া মনোভাবের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা নাটকীয়ভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

‘মার্কিন সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে’: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটনে চলমান অচলাবস্থা দীর্ঘায়িত হলে তা বিশ্বে মার্কিন সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে চলমান সমস্যা এশিয়াকে সহযোগিতার বিষয়ে মার্কিন অঙ্গীকারে কোনো প্রভাব ফেলবে না। কেরি গতকাল সাংবাদিকদের এ কথা বলেন। এ সম্মেলনে ওবামার যোগ দেওয়ার কথা থাকলেও ‘শাট ডাউন’-এর কারণে তিনি এশিয়া সফর বাতিল করেন। এএফপি।