প্রাগে বিস্ফোরণে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিহত
নিজ বাসভবনে এক বিস্ফোরণে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জামাল আল-জামাল নিহত হয়েছেন। চেক কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, নিজের নতুন বাসভবনের একটি সিন্দুক খোলার চেষ্টা করছিলেন জামাল। আর চেক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানায়, সিন্দুকের তাকে থাকা কোনো নিরাপত্তাযন্ত্রের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। চেক সূত্রগুলো বিস্ফোরণের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলতে রাজি হয়নি।
চেক পুলিশ জানায়, নববর্ষের প্রথম দিন সকালে দোতলার মফস্বলের বাসভবনে এক বিস্ফোরণে নিহত হন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিস্ফোরণে জামাল ছাড়া আর কেউই আহত হননি। অথচ সে সময়ে জামালের পরিবারও বাড়িতে ছিল। রাস্তা থেকে ওই বাড়ির কোনো ক্ষয়-ক্ষতিও চোখে পড়েনি।
আন্দ্রে জুলুভা নামের পুলিশের এক নারী মুখপাত্র বলেন, রাষ্ট্রদূতকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সেখানেই মারা যান।
ফিলিস্তিনের একজন কর্মকর্তা পশ্চিম তীরের রামাল্লায় প্রশাসনিক কেন্দ্রে রয়টার্সকে বলেন, বিস্ফোরণটি জামালের বাড়িতে ঘটেছে। তিনি সম্প্রতি সেখানে স্থানান্তরিত হন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, জামাল একটি সিন্দুক খোলার সময় বিস্ফোরণটি ঘটে। সিন্দুকটি জামালের পুরোনো কার্যালয় থেকে সম্প্রতি তাঁর বাসায় নেওয়া হয়।