ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা বিভিন্ন ঐতিহাসিক শিল্পনিদর্শন ধ্বংস করে যুদ্ধাপরাধ করেছে। জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর প্রধান ইরিনা বোকোভা গত শুক্রবার এ অভিযোগ করেছেন। খবর এএফপি ও বিবিসির।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে বোকোভা বলেন, ‘সাংস্কৃতিক চিহ্ন’ নির্মূলের কর্মকাণ্ড তাঁকে স্তম্ভিত করেছে। এ ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছেন তিনি।
ইউনেসকো এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধি অনুযায়ী, উদ্দেশ্যমূলকভাবে সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করার ব্যাপারটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। জঙ্গিরা বিশাল হাতুড়ি ও ড্রিল যন্ত্র দিয়ে মসুলের একটি জাদুঘরের প্রাচীন মূর্তিসহ ভাস্কর্য গুঁড়িয়ে দিচ্ছে—এমন একটি ভিডিওচিত্র আইএস গত বৃহস্পতিবার প্রকাশ করে। এভাবে ঐতিহাসিক নিদর্শন ধ্বংসের ঘটনায় বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ধ্বংস করা মূর্তির মধ্যে কয়েকটি ছিল খ্রিষ্টপূর্ব নবম শতকে অ্যাসিরীয় সভ্যতার। ইসলামের আবির্ভাবের অনেক আগে ইরাক, সিরিয়া ও তুরস্কের বিভিন্ন অংশজুড়ে এ সভ্যতার বিস্তার ছিল। প্যারিসের লুভ্যর জাদুঘর এক বিবৃতিতে বলেছে, ‘আইএস ওই অঞ্চলের মানবসভ্যতার স্মৃতিচিহ্নকে আঘাত করেছে। বিধ্বস্ত নিদর্শনগুলোর মধ্যে ছিল সভ্যতার শৈশবকাল, লিখিত শব্দ ও ইতিহাস।’ কট্টর সুন্নি আইএস গত জুন থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নেয়। প্রাচীন সভ্যতার পীঠস্থান ইরাকের নিবন্ধিত ১২ হাজার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের মধ্যে প্রায় ১ হাজার ৮০০টিই রয়েছে আইএসের দখল করা অঞ্চলে।
উদ্ধারের প্রত্যয়: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গতকাল বাগদাদে সংবাদ সম্মেলনে বলেছেন, আইএস কিছু প্রাচীন নিদর্শন বিদেশে বিক্রির জন্য রেখে দিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে সেগুলোর পাচাররোধের অঙ্গীকার করেন। এদিকে গতকালই বাগদাদে ইরাকের প্রধান জাদুঘর দীর্ঘ এক দশক পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে পর্যটন ও প্রাচীন নিদর্শনবিষয়ক উপমন্ত্রী কায়েস হোসেইন রশিদ বলেন, মসুলের ঘটনার জবাবে তাঁরা জাদুঘরটি আবার খোলার সময় এগিয়ে আনেন।