প্রাচীনতম লোমশ গন্ডারের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোমহীন গন্ডার দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু একটা সময় এদের শরীর বড় বড় লোমে ঢাকা থাকত। বলা হচ্ছে ৩৬ লাখ বছর আগের কথা। তিব্বতের মালভূমিতে এ রকম একটি লোমশ গন্ডারের ফসিল পেয়েছেন গবেষকেরা। সায়েন্স সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ওই গবেষক দলের সদস্য যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জিয়াওমিং ওয়াং বলেন, এ যাবৎকাল পর্যন্ত পাওয়া এ গোত্রের প্রাণীদের এটি সবচেয়ে প্রাচীন নমুনা। আমরা এ পর্যন্ত যত লোমশ গন্ডারের ফসিল পেয়েছি সেগুলোর চেয়ে এটি কমপক্ষে ১০ লাখ বছর বা তারও বেশি প্রাচীন। তিনি বিবিসিকে জানান, গন্ডারটির পুরো কঙ্কাল ও মুখের নিচের চোয়ালের ফসিল অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তিব্বতের জান্দা বেসিনে ফসিলটি পাওয়া যায়। ওয়াং ও তাঁর সহকর্মীরা জানান, ফসিলটি থেকে এ শ্রেণীর প্রাণীদের বেশ কিছু আদিম বৈশিষ্ট্য পাওয়া গেছে। এতে করে প্লায়েস্টোসিন যুগের শেষ দিকে বরফ যুগের প্রাণীদের বৈশিষ্ট্যের তুলনার সুযোগ পাওয়া গেল। প্রাণীটির খুলির দাগ বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, এর শিংটি ছিল চ্যাপ্টা এবং সামনের দিকে ঝোঁকানো। ধারণা করা হচ্ছে, শিংয়ের এ ধরনের গঠন প্রাণীটিকে ওই যুগের চরম বৈরী তিব্বতি আবহাওয়ায় বরফ কেটে খাদ্য খুঁজতে সাহায্য করত। বিবিসি।