আজই হতে পারে মুরসির শেষ দিন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জন্য আজ বুধবারই হতে পারে ক্ষমতায় থাকার শেষ দিন। দেশের উদ্ভূত সমস্যা সমাধানে সেনাবাহিনীর বেঁধে দেওয়া সময়সীমা (আলটিমেটাম) ৪৮ ঘণ্টা শেষ হচ্ছে আজ। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ করেন তো ভালো, না হলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। আজ দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘আল-আহরাম’ পত্রিকার এক খবরে এমন আভাস দেওয়া হয়েছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়, মুরসি সরে গেলে তিন সদস্যের একটি প্রেসিডেন্ট পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এর নেতৃত্বে থাকবেন সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মিসরজুড়ে চলমান সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত সোমবার একটি বিবৃতি দেয় দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। এতে সমঝোতায় পৌঁছাতে সরকার ও বিরোধীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। খবরে বলা হয়, সেনাবাহিনীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার পর দেশে সেনা মোতায়েন করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেসিডেন্ট মুরসি যদি তাঁর পদত্যাগের কথা ঘোষণা না করেন, তাহলে সেনাবাহিনীর রোডম্যাপ অনুযায়ী তাঁকে ক্ষমতা থেকে সরানো হতে পারে।
সে অনুযায়ী আজই হতে পারে প্রেসিডেন্ট মুরসির ক্ষমতায় থাকার শেষ দিন। মুরসিকে অপসারণের পর সেনাবাহিনী থেকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এরপর নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন দেওয়া হবে।
এর আগে গতকাল মঙ্গলবার বিরোধীদের আহ্বান উপেক্ষা করে পদত্যাগ না করার ঘোষণা দেন প্রেসিডেন্ট মুরসি। গতকাল মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
গতকালও দিনব্যাপী সংঘর্ষে রাজধানী কায়রোতে ১৬ জন নিহত হয়েছে। আজ বিবিসি অনলাইন, ‘টাইমস অব ইন্ডিয়া’ ও আল জাজিরার খবরে এ কথা জানানো হয়।
৪৫ মিনিটের ভাষণে মুরসি বলেন, তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে বিক্ষোভকারীদের প্রতি রক্তপাত না ঘটিয়ে আইনের শাসন মেনে চলার আহ্বান জানান তিনি। দেশব্যাপী চলা বিক্ষোভের কারণ হিসেবে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলের দুর্নীতির ধারাবাহিকতাকে দায়ী করেছেন মুরসি।
মুরসি বলেন, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধান রক্ষার প্রয়োজনে ‘জীবন দিতে প্রস্তুত’ বলে মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, সংঘাত বন্ধে তিনি বিক্ষোভরত সব দল ও ব্যক্তির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সংকট সমাধানে ‘ঐক্য কমিটি’ গঠন ও গণমাধ্যমের জন্য নীতি-নৈতিকতাবিষয়ক একটি সনদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন মুরসি।
এর আগে চলমান সংকট নিরসনে সেনাবাহিনীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা প্রত্যাখ্যান করেন মুরসি। গতকাল তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ওই সময়সীমা প্রত্যাখ্যান করে বলা হয়, সরে না দাঁড়িয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন প্রেসিডেন্ট।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পরিবর্তনের পথ সুগম করতে ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জাতীয় সব বাহিনীর সঙ্গে পরামর্শ করছেন তিনি।
এদিকে গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শেষ সুযোগ হিসেবে সব পক্ষকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলো। এ সময়ের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ‘দেশপ্রেম ও দায়িত্ববোধের ঐতিহ্য অনুযায়ী’ সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হবে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ কামেল আমর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক সংকটের জেরে এর আগে আরও চার মন্ত্রী পদত্যাগ করেন।
মুরসিকে পদত্যাগে গত সোমবার এক দিনের সময় বেঁধে দেয় বিরোধীরা। স্থানীয় সময় গতকাল বিকেলের মধ্যে মুরসি পদত্যাগ না করলে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছিল।
গতকাল মুরসিবিরোধীদের সঙ্গে সংঘর্ষে কায়রোতে ১৬ জন মুরসি-সমর্থক নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।