প্রাণঘাতী যত পাহাড়ধস
নানা কারণে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। অতিবৃষ্টি, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক কারণ যেমন আছে, তেমনই আছে মানবসৃষ্ট কারণও। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিবছরই পাহাড়ধসে অনেক মানুষ প্রাণ হারায়। দুনিয়ার নানান প্রান্তের প্রাণঘাতী এমন কয়েকটি পাহাড়ধসের ঘটনা নিয়ে এই আয়োজন।

ভেনেজুয়েলা
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় তখন শীতকাল। ১৯৯৯ সালের সেই শীতকালেই শুরু হলো টানা বৃষ্টি। অসময়ের ভারী বর্ষণে দেখা দিল আকস্মিক বন্যা। ক্ষতিগ্রস্ত হলো ভেনেজুয়েলার বার্গাস রাজ্যের মানুষ। এই রাজ্যেই অতিবৃষ্টির ফলে পাহাড়ধসের ঘটনা ঘটে। যে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান প্রায় ৩০ হাজার মানুষ, যে সংখ্যাটা রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ। প্রাণহানির এই ঘটনা ‘বার্গাস ট্র্যাজেডি’ বলে পরিচিত।
পেরু
হুয়াসকারান পেরুর বিখ্যাত বরফাবৃত পর্বত। ১৯৬২ সালের জানুয়ারি মাসে এই পর্বতেই ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৭৬৮ মিটার উচ্চতার পর্বতটির উত্তর অংশের একটি চূড়া ভেঙে যায়। এর ফলে পাহাড়ধসে সে সময় মর্মান্তিক মৃত্যু হয় প্রায় ৪ হাজার ৫০০ মানুষের।
ওই ঘটনার আট বছর পর, অর্থাৎ ১৯৭০ সালে আরেকটি মর্মান্তিক পাহাড়ধসের ঘটনা ঘটে পেরুতে। ভূমিকম্পের ফলে পাহাড়ধসের ঘটনায় আনকাস অঞ্চলের ইয়ংগায় ও র্যানরাহিরকা শহর যেন সমাধিতে পরিণত হয়। ভয়াবহ পাহাড়ধসে দুই শহরের প্রায় ২২ হাজার মানুষ প্রাণ হারায়।

ভারত
চার বছর আগের কথা। ২০১৩ সালের এমন জুন মাসেই ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখন্ডের মানুষ দেখল এক ধ্বংসলীলা। মৌসুমি অতিবৃষ্টির ফলে রাজ্যজুড়ে দেখা দেয় আকস্মিক বন্যা। দিশেহারা মানুষ খুঁজতে থাকে নিরাপদ আশ্রয়। এই সময়টিতে উত্তরাখন্ডের প্রায় ৫ হাজার ৭০০ মানুষ মারা যান। যার বেশির ভাগ ছিল ভারী বৃষ্টি ও বন্যার ফলে পাহাড়ধসে।

কলম্বিয়া
দিনটা ছিল ১৯৮৫ সালের ১৩ নভেম্বর। কলম্বিয়ার আরমেরো নামের ছোট্ট শহরটার মানুষের অন্য দশটা দিনের মতোই সকাল শুরু হয়েছিল। কিন্তু বেলা গড়াতেই অকস্মাৎ কেঁপে ওঠে পাশের ‘নেভাদো দেল রুইজ’ পাহাড়। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। শহরের লোকজন ঠাওর করে ওঠার আগেই শুরু হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে পাইরোক্লাস্টিক প্রবাহে গলে যায় পর্বতের হিমবাহ। যার ফলে পাহাড় বেয়ে কাদা, বরফ, আগ্নেয় ভগ্নাবশেষসহ নানা ক্ষতিকর পদার্থ গড়াতে শুরু করে। ‘আরমেরো ট্রাজেডি’ নামের সেই ঘটনায় প্রাণ হারায় প্রায় ২৩ হাজার মানুষ।

চীন
১৯২০ সালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল চীনে। প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির দিক দিয়ে বিশ শতকের দ্বিতীয় প্রধান ভূমিকম্প ছিল সেটি। যে ভূমিকম্পে হতাহত হয় প্রায় তিন লাখ মানুষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চীনের হাইওয়ান প্রদেশ। ১৯২০ সালের ১৬ ডিসেম্বর আঘাত হানা ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসে প্রাণ হারান প্রায় এক লাখ মানুষ। প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই চীনেই ১৯৩৩ সালের আগস্টে আঘাত হানে আরেকটি ভয়াবহ ভূমিকম্প। সে ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে পাহাড়ধসে প্রায় তিন হাজার মানুষ হতাহত হয়। একেবারে ধ্বংসপ্রাপ্ত হয় দুর্গত এলাকার অনেক গ্রাম।

তাজিকিস্তান
১৯৪৯ সালের ১০ জুলাই ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তান। সে ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ২৮ হাজার মানুষ। এর মধ্যে শুধু পাহাড়ধসেই মারা যান চার হাজার তাজিক। খাইত ভূমিকম্প নামে ওই প্রাকৃতিক বিপর্যয়ে তাজিকিস্তানের তিয়ান সান পর্বতমালার দক্ষিণ অংশের কাছে শত শত পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ছাড়া ইয়াসমান ও খাইত উপত্যকাসংলগ্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ওয়ার্ল্ড অ্যাটলাস ডটকম