প্রাণনাশের ‘মনগড়া’ গল্প ফেঁদেছিল পুলিশ: রুশদি
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি বলেছেন, ‘আমাকে উৎসবে যোগ দেওয়া থেকে বিরত রাখতেই “মনগড়া” প্রাণনাশের হুমকির গল্প ফেঁদেছিল রাজস্থানের পুলিশ। বিষয়টি আমি খতিয়ে দেখেছি। এখন আমার মনে হচ্ছে, আমাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল।’গতকাল রোববার টুইটার-বার্তায় এসব কথা লেখেন সাহিত্যের সম্মানজনক বুকার পুরস্কার বিজয়ী লেখক রুশদি।গত শুক্রবার ভারতের রাজস্থানে জয়পুর সাহিত্য উৎসবে যোগ দেওয়ার কথা ছিল রুশদির। কিন্তু গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে রাজস্থানের পুলিশ জানায়, রুশদিকে হত্যার উদ্দেশ্যে আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে একদল খুনি রওনা হয়ে গেছে।এই তথ্যের বিষয়ে সংশয় ছিল রুশদির। এর পরও একে উড়িয়ে দেওয়া দায়িত্বজ্ঞানহীন কাজ হবে মন্তব্য করে শুক্রবারই ভারত সফর বাতিলের সিদ্ধান্ত আয়োজকদের জানিয়ে দেন তিনি। এবার বিষয়টি খতিয়ে দেখে খেপেছেন তিনি। টুইটার-বার্তায় রুশদি বলেন, ‘আমার প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। আমার এখন ভীষণ রাগ হচ্ছে।’রুশদি লিখেছেন, কার প্ররোচনায় পুলিশ এ রকম ‘মিথ্যা’ তথ্য দিয়েছিল, এ বিষয়ে তিনি কিছু জানেন না।রুশদির টুইটার-বার্তায় ক্ষোভ প্রকাশের মাত্র এক দিন আগে গত শনিবার মুম্বাই পুলিশ দাবি করে, রুশদিকে হত্যার উদ্দেশ্যে আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা রওনা হয়ে যাওয়ার কোনো গোয়েন্দা তথ্য তারা সরবরাহ করেনি।তবে রাজস্থানের পুলিশ এখনো দাবি করে আসছে, রুশদির প্রাণনাশের ওই হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য কেন্দ্র থেকেই সরবরাহ করা হয় তাদের।বুকারসহ বহু আন্তর্জাতিক পুরস্কারজয়ী লেখক রুশদির নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনায় ফেটে পড়েছেন লেখক ও সাহিত্য উৎসবের আয়োজকেরা।পাকিস্তানি লেখক মুহাম্মদ হানিফ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার কাছে এই ঘটনা উদ্ভট মনে হয়েছে। এটি (ভারত) বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ। এখানে সবচেয়ে বেশি বহু সংস্কৃতির দেখা মিলবে। এ দেশের নাগরিক ও এই দেশ পরিদর্শনে আসা ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমার বিবেচনায় রাষ্ট্র এখানে মৌলিক কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।’এদিকে একটি সূত্রে জানা গেছে, রুশদিকে ভারতে আসতে না দেওয়ার প্রতিবাদে শনিবার একটি অধিবেশনে লেখক অমিতাভ কুমার, হরি কান্জরু, জিত থাইল ও রুচির যোশী স্যাটানিক ভার্সেস উপন্যাসের অংশবিশেষ পাঠ করেন।রুশদির লেখা উপন্যাস স্যাটানিক ভার্সেস ভারতসহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধঘোষিত উপন্যাসের অংশবিশেষ পাঠের এই অভিযোগ খতিয়ে দেখতে আয়োজকদের কাছে ভিডিও ফুটেজ চেয়েছে রাজস্থানের পুলিশ। এনডিটিভি অনলাইন।