ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পৌঁছেছেন। গতকাল সোমবার শান্তি আলোচনা নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি গত রোববার ইসরায়েল অনুমোদন করে। ধাপে ধাপে বন্দীদের মুক্তি দেওয়া হবে। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন পররাষ্ট্র ্রমন্ত্রণালয় ওই বিবৃতি দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি রোববার ওই বিবৃতিতে বলেন, সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হবে। আলোচনা আজ মঙ্গলবার পর্যন্ত চলবে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর জোর প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলতি মাসে ওই অঞ্চল সফর করেন। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা ছিল তাঁর ষষ্ঠ সফর। সফরের শেষ দিন ১৯ জুলাই আম্মানে কেরি ঘোষণা দেন, ফিলিস্তিন ও ইসরায়েলের নেতারা আবার সংলাপে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। মুখপাত্র জেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববারই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁরা আবারও শান্তি আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছেন। ইসরায়েলি মধ্যস্থতকারীদের নেতৃত্ব দেবেন বিচারবিষয়ক মন্ত্রী টি জি পি লিভনি এবং ফিলিস্তিনিদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন সায়েব এরেকাত। শান্তি আলোচনা শুরুর ব্যাপারে আলোচনা করবেন তাঁরা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকে কেন্দ্র করে তিন বছর আগে দুই পক্ষের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যায়। ফিলিস্তিনের সঙ্গে কোনো শান্তি চুক্তি করতে হলে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিতে হবে—এমন প্রস্তাবসংবলিত একটি বিলও রোববার অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিবিসি।