প্রাথমিক ফলে এগিয়ে অ্যাকুইনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো। তিন কোটি ৭০ লাখ ভোট গণনায় ৪০ শতাংশ ভোট পেয়ে তিনি বিজয়ের পথে রয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা পেয়েছেন ২৫ শতাংশ ভোট। আর মাত্র এক কোটি ৩০ লাখ ভোট গণনা বাকি রয়েছে।প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ভাবি প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোকে পরবর্তী সরকার গঠনের ব্যাপারে সর্বাত্মক সহায়তা করার নির্দেশ দিয়েছেন।নির্বাচনী ফলের ব্যাপারে বেনিগনো অ্যাকুইনো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না করা পর্যন্ত তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জোসেফ এস্ত্রাদা নির্বাচনের ফল মেনে না নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, চূড়ান্ত ফল ঘোষণা না করা পর্যন্ত তিনি কোনো মন্তব্য করবেন না।তবে প্রেসিডেন্ট প্রার্থী ধনকুবের ম্যান্নি ভিলার ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন এবং অ্যাকুইনোকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলন করে বলেন, ‘ফিলিপিনোরা তাঁদের রায় দিয়ে দিয়েছেন। আমি অ্যাকুইনোকে তাঁর বিজয়ের জন্য ধন্যবাদ জানাই।’ আরেক প্রার্থী সাবেক প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো টিয়োডেরোও পরাজয় মেনে নিয়েছেন। তিনি ছিলেন প্রেসিডেন্ট অ্যারোইয়োর মনোনীত প্রার্থী।এতে বিদায়ী প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য অ্যাকুইনো সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। তিনি নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত সরকার ও দারিদ্র্য দূরীকরণের ঘোষণা দিয়েছিলেন। তাঁর এ ঘোষণায় সাড়া দিয়েছেন ভোটাররা।গত সোমবার ফিলিপাইনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম দেশটিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। তবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ত্রুটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য নির্বাচনী ফলের নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে প্রেসিডেন্ট অ্যারোইয়া এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে অভিহিত করেছেন।এবার মোট পাঁচ কোটি ফিলিপিনো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৭৫ শতাংশ। কর্মকর্তারা বলেছেন, গণতন্ত্রের উত্তরণের জন্য ফিলিপিনোরা এবার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গেছেন। তবে নির্বাচনপূর্ব ও নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় অনেকে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নির্বাচনের দিন সহিংসতায় ১০ ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে চার মাসে নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪০-এ।নির্বাচনী প্রচারণার সময় জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন বেনিগনো অ্যাকুইনো (৫০)। মায়ের পরিচিতি ছাড়াও ভোটারদের কাছে সত্ প্রার্থী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। অ্যাকুইনোর মা কোরাজন অ্যাকুইনো ১৯৮৬ সালে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন। এ আন্দোলনের মুখেই স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস ক্ষমতাচ্যুত হন। তিন বছর পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কোরাজন। গত আগস্টে ক্যানসারে ভুগে মারা যান অ্যাকুইনোর মা। অ্যাকুইনোর বাবা বেনিগনো ‘নিনয়’ অ্যাকুইনো মারা যান ১৯৮৩ সালে।বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো ১৯৮১ সালে ম্যানিলা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক করেন। তিনি এখন পর্যন্ত অবিবাহিত। তবে গুঞ্জন রয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিয়ে করবেন। নির্বাচনী প্রচারণার শেষ দিকে ম্যানিলার উপকণ্ঠে এক অনুষ্ঠানে বান্ধবী শালানি সোলেদাদের (৩০) সঙ্গে দেখা গেছে তাঁকে। এএফপি।