প্রাথমিক বাছাই থেকে সরে দাঁড়ালেন জন হান্টসম্যান
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই থেকে সরে দাঁড়িয়েছেন জন হান্টসম্যান (৫১)। হান্টসম্যানের প্রচার বিভাগের এক কর্মকর্তা এ খবর দিয়েছেন।প্রচার বিভাগের ওই কর্মকর্তা বলেন, মনোনয়ন লড়াই থেকে নাম প্রত্যাহার করে হান্টসম্যান রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা মিট রমনিকে সমর্থন জানাবেন।নিউ হ্যাম্পশায়ারে গত সপ্তাহে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ের ভোটাভুটিতে হান্টসম্যানের অবস্থান ছিল তৃতীয়। ওই অঙ্গরাজ্যে অপ্রত্যাশিত ফলাফলের আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর পক্ষে ভোট পড়েছে মাত্র ১৬ দশমিক ৯ শতাংশ।এমনকি জাতীয় জনমত জরিপগুলোতে হান্টসম্যানের পক্ষে কখনোই ১ বা ২ শতাংশের বেশি সমর্থন দেখা যায়নি। আগামী শনিবার অনুষ্ঠেয় সাউথ ক্যারোলাইনার প্রাথমিক বাছাইয়ের প্রচারণায়ও তিনি ঢের পিছিয়ে আছেন।পর্যায়ক্রমে আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও ককাসে প্রাথমিক বাছাই হবে। পরে আগস্টে দলের কেন্দ্রীয় সম্মেলনে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে।হান্টসম্যান যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। বিবিসি অনলাইন।