আগামী বছর অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনে সরকার গড়ার মতো আসন পাওয়ার সম্ভাবনা কম কংগ্রেস বা বিজেপি জোটের। এর ফলে প্রধান এ দুই জোটকে নির্ভর করতে হবে আঞ্চলিক বিভিন্ন দলের ওপর।
ইন্ডিয়া টিভি, টাইমস নাউ ও সি-ভোটারের যৌথ জরিপে উঠে এসেছে এ তথ্য।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ওই জরিপে বলা হয়, আসন্ন লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেতে পারে ১০২টি আসন। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১১৭টি আসন। পক্ষান্তরে বিজেপি একা পেতে পারে ১৬২টি আসন। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ১৮৬টি আসন।
২০০৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ২০৬টি আসন। আর ইউপিএ পেয়েছিল ২৫৯টি আসন। অন্যদিকে বিজেপি এককভাবে পেয়েছিল ১১৬টি আসন। আর এনডিএ পেয়েছিল ১৫৯টি আসন। ২০০৯ সালে সরকার গড়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট।
জরিপে আরও বলা হয়, লোকসভা নির্বাচনে বামফ্রন্ট পেতে পারে ৩২টি আসন। আর মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ২৫, কুমারী জয়ললিতার এআইএডিএমকে ২৮, মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৩১, মমতার তৃণমূল কংগ্রেস ২৩, লালু প্রসাদের আরজেডি ১৪, নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল ৯, এম করুণানিধির ডিএমকে ৫, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ১৩ ও একই রাজ্যের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেতে পারে ১৩টি আসন।