প্রায় দুই কোটি রুপি ফিরিয়ে দিলেন অটোরিকশার চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অটোরিকশাচালকের কাছে এক কোটি ৯০ লাখ রুপি অনেক বড় অঙ্ক। এই পরিমাণ অর্থ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আজও বিশ্বের অনেক মানুষের কাছে অর্থের চেয়ে সততা অনেক বড়। এ নজির দেখালেন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের এক অটোরিকশাচালক।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে আজ বুধবার বলা হয়েছে, টাটা কোম্পানি গুজরাটের সানন্দ এলাকায় ন্যানো গাড়ির একটি কারখানা স্থাপনের জন্য সরকারের সহযোগিতায় কিছু জমি অধিগ্রহণ করেছে। এর মধ্যে তিন বিঘা জমির মূল্য হিসেবে কোম্পানি অটোরিকশাচালক রাজু ভারোয়াদকে এক কোটি ৯০ লাখ রুপির একটি চেক পাঠায়। কিন্তু রাজু চেকের উল্লেখিত অর্থ না তুলে তা ফেরত পাঠিয়ে দেন কোম্পানিকে। তিনি কোম্পানিকে এ মর্মে লিখিত দেন, যে জমির জন্য কোম্পানি তাঁকে চেকটি পাঠিয়েছে, সেই জমি অনেক আগেই অন্য ব্যক্তির কাছে বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, রাজু ভূমি অফিসে গিয়ে নতুন মালিকের নামও নিবন্ধন করিয়েছেন।
সানন্দ এলাকায় রাজুর পরিবারের ১০ বিঘা জমি ছিল। ৩০ বছর আগে তাঁর দাদা তিন বিঘা জমি পাঁচ লাখ রুপিতে বিক্রি করে দিয়েছিলেন। ওই স্থানে এখন ৪০টি গরিব পরিবার বাসা বেঁধে আছে।

এরপর একসময় ওই এলাকায় ন্যানো কোম্পানি কারখানা স্থাপন করতে গেলে জমির দাম রাতারাতি বেড়ে যায়। গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন কারখানার জন্য ভূমি অধিগ্রহণ করতে থাকে। এ জন্য করপোরেশন ভূমি অফিসের কাছে নথিবদ্ধ মালিকদের তালিকা অনুযায়ী ভূমির মূল্য পরিশোধের উদ্যোগ নেয়। কিন্তু ভূমি অফিসে তখনো ওই তিন বিঘা জমির মালিক হিসেবে রাজু ও তাঁর মা বালুবেনের নাম নথিবদ্ধ ছিল।

রাজু বলেন, ‘মা-বাবা সততা নামের এই একটি বিষয় আমাকে শিখিয়েছেন। আমার পরিবারের জন্য আমি অসত্ উপায়ে কোনো অর্থ জোগাড় করি না।’ তিনি এখন তাঁর তিন সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে দুই কক্ষের বাসায় থাকেন। তিনি জানান, পরিবার তাঁকে যা সঠিক, তা করতে বলেছে।

রাজু বলেন, ‘আমি মাসে মাত্র ছয় হাজার রুপি রোজগার করলেও সত্ভাবে জীবন যাপন করি। আমার নামে এখনো চার বিঘা জমি আছে। আমার ভবিষ্যতের জন্য এটুকুই যথেষ্ট।’

গুজরাট ইন্ডাস্ট্র্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের কর্মকর্তা নবীন প্যাটেল বলেন, ‘আমরা ভূমি নিয়ে অনেক বিরোধ মিটিয়েছি, কিন্তু একজন এক কোটি ৯০ লাখ রুপির চেক ফেরত দিচ্ছে, এমনটি আর দেখিনি।’