প্রার্থিতা লাভে রিপাবলিকান নেতাদের জোর প্রচারণা
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে। ডেমোক্র্যাট দলের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার পুনরায় নির্বাচিত হওয়া ঠেকাতে তৎপর রিপাবলিকান দলের নেতারা।প্রত্যাশা পূরণ করতে না পারায় প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা এখন পড়তির দিকে। অবশ্য রিপাবলিকান দলের প্রার্থিতা নিয়ে রক্ষণশীলদের মধ্যে এখনো ঐক্য গড়ে ওঠেনি।আগামী মাস থেকে শুরু হচ্ছে দলীয় বাছাই পর্ব (প্রাইমারি)। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে এখন আলোচনা ও বিতর্ক চলছে। আইওয়া অঙ্গরাজ্য থেকে শুরু হবে দলীয় বাছাই পর্ব। এখন পর্যন্ত রিপাবলিকান দলের অগ্রবর্তী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক স্পিকার নিউট গিংরিচ। বাছাই পর্বে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে জোর টক্কর দিচ্ছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি।আইওয়া বাছাই পর্বের প্রাক্কালে নিউট গিংরিচবিরোধী জোরালো সমালোচনা শুরু হয়েছে মিট রমনির শিবির থেকে। বলা হচ্ছে, ৩০ বছর ধরে নিউট গিংরিচ ওয়াশিংটনে আপসের রাজনীতি করে আসছেন। অবস্থা বুঝে রিপাবলিকান নীতি ও ধারণা নিয়ে তিনি তাঁর অবস্থান বারবার পাল্টেছেন। স্পিকার থাকা অবস্থায়ই তাঁর বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ উঠেছিল।মিট রমনির অন্যতম সমর্থক রিপাবলিকান সিনেটর জিম টেলেন্ট বলেছেন, রিপাবলিকান নেতা হিসেবে গিংরিচ অবিশ্বস্ত। তাঁকে আস্থায় নেওয়ার কোনো সুযোগ নেই।গিংরিচের দুই দফা বিবাহবিচ্ছেদ ও দাম্পত্যবহির্ভূত সম্পর্ক নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এ ছাড়া অভিবাসন আইনের সংস্কার, জলবায়ু নীতি, গর্ভপাত ও সমলিঙ্গে দাম্পত্য জীবন নিয়ে গিংরিচের অবস্থান যথেষ্ট রক্ষণশীল নয় বলে প্রচারণা শুরু হয়েছে। অবস্থা অনুযায়ী নিজের অবস্থান পাল্টেছেন তিনি, যা রক্ষণশীলদের পছন্দ নয়।যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের আশীর্বাদ মিট রমনির প্রতি। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর নিজেকে এখন কট্টর রক্ষণশীল প্রমাণে প্রচারণা চালাচ্ছেন। গভর্নর থাকা অবস্থায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছেন, রাজ্যের সবার জন্য স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে পেরেছেন, এক স্ত্রী নিয়ে দীর্ঘ দাম্পত্য— এসব বক্তব্য নিয়ে প্রচারণায় নেমেছেন মিট রমনি।ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আইওয়া অঙ্গরাজ্যের বাছাই পর্বে এগিয়ে রয়েছেন গিংরিচ।