প্রার্থিতার দৌড় থেকে সরে রমনির পাশে গিংরিচ
নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী নিউট গিংরিচ প্রার্থিতা লাভের দৌড় থেকে সরে দলের সম্ভাব্য প্রার্থী মিট রমনির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মঙ্গলবার ১ মে ওয়াশিংটনের প্রার্থিতা বাছাইয়ের ভোটের পর তিনি রমনিকে সমর্থন দেবেন। গত বুধবার তাঁর মুখপাত্র আর সি হ্যামন্ড এ কথা জানান।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার গিংরিচ ১ মে ওয়াশিংটনে অনুষ্ঠেয় প্রার্থিতা বাছাইয়ের পর এই দৌড়ে আর অংশ নেবেন না বলে ঠিক করেছেন। এরপর থেকে তিনি রমনির সমর্থনে কাজ করে যাবেন। প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে শুরুতে খুব দাপট দেখালেও গিংরিচের এখন নড়বড়ে অবস্থা। আগের চেয়ে জনপ্রিয়তা অনেক কমে গেছে তাঁর। গত মঙ্গলবার একসঙ্গে পাঁচটি অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হন রমনি। অঙ্গরাজ্যগুলো হচ্ছে কানেটিকাট, ডেলাওয়ার, নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও রোড আইল্যান্ড। প্রার্থিতা বাছাইয়ে রমনি এই বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় গিংরিচ আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে গিংরিচের একটি সূত্র বার্তা সংস্থা সিএনএনকে জানায়, তাঁর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে একজন নাগরিক হিসেবে গিংরিচকে সক্রিয়ভাবে সহযোগিতা করা, যাতে তিনি প্রেসিডেন্ট হতে পারেন। এএফপি।