মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই শীর্ষ প্রার্থী সরাসরি টিভি বিতর্কে পরস্পরের মোকাবিলা করলেন। দেশটিতে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে এ ধরনের বিতর্ক এটাই প্রথম। এতে অংশ নেন আরব লিগের সাবেক প্রধান আমর মুসা ও মুসলিম ব্রাদারহুডের সাবেক নেতা আবদুল মোনায়েম আবুল ফাতাহ।গত বৃহস্পতিবার রাতে মিসরের দুটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল অনটিভি ও ড্রিম চ্যানেলে ওই বিতর্ক অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।প্রতি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রার্থীদের দুই মিনিট করে সময় দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জবাবের ওপর মন্তব্য করারও সুযোগ দেওয়া হয়। টিভিতে বহু মিসরীয় প্রায় চার ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানটি দেখেছেন। বিতর্ক চলার সময় সঞ্চালকেরা স্বাস্থ্য, কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে গতানুগতিক প্রশ্ন করেন প্রার্থীদের। কিন্তু প্রার্থীরা পরস্পরের অতীত, উগ্রপন্থী ইসলাম, ব্যক্তিগত বিষয়সহ নানা বিষয় নিয়ে কথা বলা শুরু করলে বিতর্কটি ক্রমেই তিক্ত হয়ে ওঠে।আমর মুসা তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী আবুল ফাতাহকে তাঁর অতীত নিয়ে আঘাত করেন। অন্যদিকে আবুল ফাতাহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসাকে হোসনি মুবারকের আমলের ‘অবশেষ’ বলে উল্লেখ করেন। প্রথম প্রশ্নের জবাবে আমর মুসা বলেন, তিনি মিসরকে এমন একটি অবস্থায় নিতে চান, যেখানে দেশের মানুষ নিরাপদ বোধ করবে। মুসা বলেন, ‘এই অঞ্চল ও পুরো বিশ্বে একটি সম্মানজনক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। এমন একটি দেশ যে কি না আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে, নেতৃত্ব পুনরুদ্ধার করবে।’অন্যদিকে আবুল ফাতাহ বলেন, তিনি মিসরবাসীর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী দেশ চালাবেন। তিনি বলেন, ‘আমি এমন একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখি, যা ইসলামের মূল্যবোধ ও মূলনীতি ধারণ করে। এমন একটি রাষ্ট্র যেখানে তরুণদের চাকরি থাকবে, লোকের জীবনযাত্রা মর্যাদাকর হবে এবং মিসরবাসী হিসেবে তারা গর্ব করবে। এমন একটি রাষ্ট্র যেখানে দেশ বা বিদেশের থানায় কোনো মিসরীয় অপদস্থ হবে না।’কাকে ভোট দেবেন সে ব্যাপারে এখনো অনেক ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। এই বিতর্ক অনুষ্ঠান অনেক ভোটারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে জানিয়েছেন কায়রোতে কর্মরত বিবিসির সাংবাদিক।মিসরের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। প্রথম দফায় ভোট নেওয়া হবে ২৩ ও ২৪ মে। ওই সময় কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। এবার প্রথমবারের মতো দেশটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে আশা করা যাচ্ছে। বেশ কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, মুসা ও ফাতাহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। এ কারণে ইতিমধ্যে নির্বাচনী প্রচারেও পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িও শুরু করেছেন তাঁরা। বিতর্ক অনুষ্ঠানটি ৩ মে হওয়ার কথা ছিল। কিন্তু কায়রোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে ব্যাপক সংঘর্ষের কারণে তা স্থগিত করা হয়। বিবিসি।