সেনাসদস্যদের একাংশের বিদ্রোহের কারণে উত্তর আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লাইসে কম্পাওরে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে নিজের নিরাপত্তারক্ষীরা বিদ্রোহ করার পর গতকাল শুক্রবার ভোরে তিনি পালিয়ে যান। রাজধানী ওয়াগাদুগৌ থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত নিজ শহর জিনিয়ারে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার ওয়াগাদুগৌয়ের রাজপথে কয়েক লাখ মানুষ বিক্ষোভ করে। অন্যদিকে বকেয়া আবাসন-ভাতা পরিশোধ না করায় প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর মধ্যে ক্ষোভ ছিল। তারা সাধারণ মানুষের বিক্ষোভ সমর্থন করে বৃহস্পতিবার দিবাগত রাতে সশস্ত্র বিদ্রোহ করে।বিবিসির ওয়াগাদুগৌ প্রতিনিধি ম্যাথিউ বনকৌনগৌ বলেছেন, মধ্যরাতে প্রাসাদে প্রেসিডেন্টের রক্ষীরা প্রথমে বিদ্রোহ শুরু করে। তারা নিজ নিজ অস্ত্র উঁচিয়ে শূন্যে গুলি ছুড়তে থাকে। এর পাশাপাশি গোলা ছোড়ারও শব্দ পাওয়া যায়। এ খবর আশপাশের ব্যারাকে ছড়িয়ে পড়লে সেখানকার সেনারাও ফাঁকা গুলি ছুড়ে তাদের প্রতি সমর্থন ঘোষণা করে। ভোরে কয়েকজন অনুগত রক্ষীর সহায়তায় প্রেসিডেন্ট পালিয়ে যান।এএফপির একজন সাংবাদিক বলেছেন, বিদ্রোহী সেনারা প্রেসিডেন্ট কম্পাওরের ব্যক্তিগত চিফ অব স্টাফ জেনারেল গিলবার্ট দিয়েনদিয়েরের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া তারা রাজধানীর বহু দোকানপাটে লুটপাট চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সেনাবাহিনীর যে অংশ বিদ্রোহ করেছে, তাদের সঙ্গে তাঁরা আলোচনা করেছেন। তাঁর দাবি, বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করছে।গত মাসের শেষ দিকে রাজধানী ও আশপাশের কয়েকটি শহরের সেনা ঘাঁটিতে সেনারা বিদ্রোহ করে। সে সময় তারা কয়েকটি অস্ত্রাগার থেকে সামরিক সরঞ্জাম এবং বহু দোকান থেকে মালামাল লুট করে। প্রেসিডেন্ট দ্রুত সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, সেনাদের উত্তেজনা প্রশমিত হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ১৯৮৭ সালে এক সেনা-অভ্যুত্থানের মাধ্যমে ব্লাইসে কম্পাওরে ক্ষমতায় আসেন। এএফপি।