প্রায় এক বছর ধরে ধুমপান করছেন না ওবামা: মিশেল
‘ওবামা গত প্রায় এক বছরে ধুমপান করেননি। আমি তাঁর জন্য গর্বিত’—মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়ার তথ্যটি এভাবেই জানালেন তাঁর স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামা। শিশুদের শারীরিক স্থুলতা কমানোর জন্য প্রচারাভিযান ‘লেটস মুভ!’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় মিশেল এই তথ্য জানান।মিশেল ওবামা বলেন, ‘আমি অনেক দিন ধরে তাঁকে সিগারেট খেতে দেখি না। আমাদের দুই মেয়ে মালিয়া ও সাশা বড় হচ্ছে। ওবামা চান, মেয়েরা জানুক তিনি আর সিগারেট খান না।’ দুই মেয়ে প্রসঙ্গে মার্কিন ফার্স্টলেডি বলেন, ‘তারা ওদের বাবাকে জিজ্ঞেস করে, ‘তুমি তো সিগারেট খাও না, তাই না, বাবা?’হোয়াইট হাউসের ওল্ড ফ্যামিলি ডাইনিং রুমে সাংবাদিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন মিশেল। এ সময় সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। ভোজে খাবারের তালিকায় হোয়াইট হাউসের বাগানের সবজি দিয়ে তৈরি করা কয়েকটি পদও ছিল।গত ডিসেম্বেরে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান, প্রেসিডেন্ট ওবামা ধূমপান ছেড়ে দেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন। নিউইয়র্ক টাইমস, রয়টার্স।