প্রায় ছয় দশক পর দেখা স্বজনদের সঙ্গে
‘কেমন আছ মা, কেমন আছ তুমি...তোমার সঙ্গে এই জীবনে দেখা হবে, এটা শুধু কল্পনাই করেছি আমি...’ বলতে বলতে ৯৬ বছর বয়সী মা কিম রায়ে জুং জড়িয়ে ধরেন ৭১ বছরের মেয়ে উ জং হাইকে। চোখ ভিজে যায় মা-মেয়ের। গতকাল শনিবার দুই কোরিয়ার সীমান্তের কাছে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের মাউন্ট কুমগ্যাং রিসোর্টে স্বজনদের সঙ্গে পুনর্মিলনের এমন অনেক আবেগময় দৃশ্য দেখা যায়।উত্তর কোরিয়ায় থেকে যাওয়া স্বজনদের সঙ্গে দেখা করানোর উদ্দেশ্যে গতকাল দক্ষিণ কোরিয়ার ৪৩৫ জন নাগরিককে ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেই দুই কোরিয়ার বিভক্তির পর (প্রায় ছয় দশক) এই প্রথমবারের মতো স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান।কিম রায়ে জুং দক্ষিণ কোরিয়ায় থাকেন। মেয়ে উ জং থাকেন উত্তর কোরিয়ায়। উ জং তাঁর মাকে দেখানোর জন্য নিজের পরিবার ও স্বজনদের ছবি নিয়ে এসেছেন। নিয়ে এসেছেন উত্তর কোরিয়ার সরকারের কাছ থেকে তাঁর ও পরিবারের সদস্যদের পাওয়া ২০টি সম্মাননা মেডেল। দীর্ঘদিন পর কাছে পাওয়া মাকে একে একে সব বের করে দেখান জং। ‘আমি এখানে ভালো আছি মা’—বলে সান্ত্বনাও দেন মাকে।গত শুক্রবার সীমান্তে দুই কোরিয়ার সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় উত্তেজনার মধ্যেও উত্তর কোরিয়ার রিসোর্টে এ এক অন্যরকম দৃশ্য। রিসোর্টে মাত্র তিন দিন একসঙ্গে থাকতে পারবেন তাঁরা। পরে ফিরে যেতে হবে উত্তর বা দক্ষিণ কোরিয়ায়।দক্ষিণের নাগরিক ৭০ বছর বয়সী লি মুন ইয়ং বলেন, ‘দীর্ঘদিন পর আমার এক ভাইকে দেখতে পাব। এই ভেবে রাতে ঘুমাতেই পারিনি।’ তিনি জানান, এর আগে তিনি ভেবেছিলেন দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় তাঁর ভাই নিহত হয়েছেন। ১৯৫২ সালে দক্ষিণ কোরিয়ার সেনা হিসেবে যুদ্ধ করতে গিয়ে তাঁর আরেক ভাই নিহত হন। লি বলেন, ‘ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটা মর্মান্তিক ঘটনা।’আগামী মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বনেতারা ওই সম্মেলনে যোগ দেবেন। এর আগে দুই কোরিয়ার মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে গুলিবিনিময়ের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং জু বলেন, গুলিবিনিময়ের কারণে উত্তেজনা সৃষ্টি হলেও নির্ধারিত সময়ই দুই পক্ষের সাক্ষাৎ হয়েছে। দক্ষিণ কোরিয়ার মোট ৯৭টি পরিবার উত্তর কোরিয়ার তাদের স্বজনের সঙ্গে দেখা করছে।দুই কোরিয়ার মধ্যে বিশেষ প্রকল্পের আওতায় দুই দেশের নাগরিকদের তাদের স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরের পর দুই দেশের নাগরিকদের মধ্যে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে। এএফপি।