প্রিন্স উইলিয়াম ও কেটের নতুন দুটি ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর হবু স্ত্রী কেট মিডলটনের নতুন দুটি ছবি প্রকাশ করা হয়েছে। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় এ জুটির বিয়ের অনুষ্ঠান সামনে রেখে গতকাল রোববার সরকারিভাবে ছবি দুটি প্রকাশ করা হয়। বাগদানের কয়েক দিন পর বিখ্যাত আলোকচিত্রী মারিও টেস্টিনো এ ছবিগুলো তোলেন।ছবি দুটির একটিতে দেখা যায়, প্রিন্স উইলিয়াম তাঁর হবু স্ত্রী কেটকে জড়িয়ে ধরে আছেন। দুজনই হাস্যোজ্জ্বল। এ ছবিতে কেটের অনামিকায় বাগদানের আংটি শোভা পায়। উইলিয়ামের প্রয়াত মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার বাগদানের ওই আংটি উইলিয়াম তাঁর হবু স্ত্রীর অনামিকায় পরিয়ে দেন।অন্য ছবিটিতে লালগালিচার ওপর উইলিয়াম ও কেট পাশাপাশি দাঁড়ানো। এ ছবিতেও দুজনের হাসিমাখা মুখ। প্রিন্স উইলিয়াম সাদা শার্টের ওপর স্যুট ও নীল রঙের টাই পরে আছেন। কেট পরেছেন শুভ্র পোশাক।দুটি ছবিই লন্ডনের সেন্ট জেমস প্যালেসের কাউন্সিল চেম্বারে তোলা। উইলিয়াম ও কেট বাগদানের ঘোষণা দেওয়ার নয় দিন পর গত ২৫ নভেম্বর এসব ছবি তোলা হয়। ছবি তোলার মুহূর্তে উইলিয়াম ও কেটের অবস্থার বর্ণনা দিতে গিয়ে পেরুর খ্যাতিমান আলোকচিত্রী টেস্টিনো বলেন, দুজনই তখন আনন্দে আটখানা ছিলেন। দারুণ খুশি দেখাচ্ছিল তাঁদের।আগামী বছরের ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উইলিয়াম ও কেটের বিয়ে হওয়ার কথা রয়েছে। এ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিয়ের ঐতিহাসিক মুহূর্তকে আলোকচিত্রে ধরে রাখার জন্য রাজপ্রাসাদের পক্ষ থেকে টেস্টিনোকে আমন্ত্রণ জানানো হয়েছে।উইলিয়ামের আবাসিক এক মুখপাত্র জানান, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের ছবি তুলেছেন টেস্টিনো। তাই হবু এ দম্পতি মনে করেন, তাঁদের বিয়ের দুর্লভ মুহূর্তের ছবি টেস্টিনোরই তোলা উচিত।আমন্ত্রণ পেয়ে টেস্টিনো বলেন, ‘উইলিয়াম ও কেটের বিয়ের মুহূর্তটির জন্য সারা দুনিয়া অপেক্ষায় আছে। ওই মুহূর্তের ছবি তোলার আমন্ত্রণ জানানোয় আমি দারুণ খুশি।’ এএফপি ও বিবিসি অনলাইন।