প্রিন্স উইলিয়ামকে পেয়ে উল্লসিত অস্ট্রেলিয়ার আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর আগে মা প্রিন্সেস ডায়ানার কোলে চড়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। তখন তাঁর বয়স ছিল মাত্র নয় মাস। ব্রিটিশ রাজপরিবারের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২৭ বছর পর গতকাল মঙ্গলবার আবার অস্ট্রেলিয়ায় গেছেন। সিডনির একটি আদিবাসী এলাকায় তাঁকে স্বাগত জানান এক বয়োবৃদ্ধ আদিবাসী। গায়ে উলকি এঁকে ঠোঁটে সাদা আঠা লাগিয়ে দুই হাজারের বেশি আদিবাসী নারী-পুরুষ এ সময় নেচে-গেয়ে আনন্দ করে।গত বছর দাবানলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত আদিবাসী একটি এলাকায় পৌঁছালে বুমেরাংসহ বিভিন্ন অস্ত্র হাতে ধরা আদিবাসী লোকজন প্রিন্স উইলিয়ামকে নিয়ে আনন্দে মেতে ওঠে। এ সময় অনেকে প্রিন্সের মা ডায়ানার ছবি নিয়ে আসে।ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারীকে দেখতে প্রত্যন্ত অঞ্চল রেডফার্ন থেকে সিডনি এসেছিলেন আদিবাসী লিউয়িস ক্যালি। তিনি বলেন, ‘আমাদের দেখতে আমাদের সঙ্গে সময় কাটাতে প্রিন্স এখানে এসেছেন। এই আনন্দে আমরা এখন আত্মহারা।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রকৃত অধিবাসী আদিবাসীদের দেখতে প্রিন্স আসছেন—লোকমুখে এমন কথা শুনে আমি বিস্মিত হয়েছিলাম!’প্রিন্সের সঙ্গে সাক্ষাতের সময় আদিবাসী নেতারা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও জানান। প্রিন্সও মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন।তিন দিনের বেসরকারি সফরে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া এসেছেন প্রিন্স উইলিয়াম। প্রথম দিনেই তিনি সিডনির অপেরা হাউস এবং হারবার ব্রিজ ঘুরে দেখেন। এ সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দেশে ফেরার আগে কাল বৃহস্পতিবার মেলবোর্ন সফর করবেন প্রিন্স উইলিয়াম।একটি জরিপের মতে, অস্ট্রেলিয়ার বেশির ভাগ মানুষ তাদের পরবর্তী সাংবিধানিক রাজা হিসেবে উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসকে নয়, প্রিন্স উইলিয়ামকে পছন্দ করে। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভি নিউজের ওই জরিপ অনুযায়ী, শতকরা ৫৮ ভাগ অস্ট্রেলীয় প্রিন্স উইলিয়ামকেই রাজা হিসেবে চায়, যেখানে প্রিন্স চার্লসকে চায় মাত্র ৩০ ভাগ। এএফপি।