প্রিন্স উইলিয়ামের সঙ্গে বাগদানের পর প্রথম জনসমক্ষে মিডলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়ামের সঙ্গে বাগদানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন কেট মিডলটন। গত শনিবার রাতে তিনি ইংল্যান্ডের নরফোকে প্রিন্স উইলিয়ামের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন। ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য তহবিল সংগ্রহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্রিটেনের রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারের সঙ্গে বিয়ের ঘোষণার পর এ ধরনের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের বিষয়টি মিডলটনের জন্য নতুন মর্যাদা হিসেবে দেখা হচ্ছে।আগামী বছর প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত মিডলটন ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন না। স্বীকৃতি না পেলেও তিনি চলতি সপ্তাহে রানী দ্বিতীয় এলিজাবেথ ও রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাকিংহাম প্রাসাদে বড়দিনপূর্ব একটি অনুষ্ঠানে যোগ দেন।ক্যানসার-আক্রান্ত রোগীদের সহযোগিতায় তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মিডলটন কালো ও সাদা রংয়ের পোশাকে হাজির হন। এই পোশাকের ওপর ছিল কালো জ্যাকেট। হাতে ছিল পোশাকের সঙ্গে মানানসই কালো ব্যাগ। ব্যাপক তুষারপাতের কারণে উঁচু জুতা পরে হাঁটাচলায় সমস্যা হলেও তিনি তা-ই পরে আসেন।প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর থেকে মিডলটন এবার এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে বাজারে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ায় সেই গুঞ্জনের অবসান হলো।রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি তোলার দায়িত্বে নিয়োজিত আলোকচিত্রী রিচার্ড উইন্টল বলেছেন, প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পর মিডলটন প্রথমবারের মতো জনসমক্ষে এলেন। তিনি সেখানে ভালোই করেছেন। রিচার্ড বলেন, ‘অনুষ্ঠানটি মিডলটন উপভোগ করেছেন। লোকজনের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।’ ডেইলি মেইল অনলাইন।