যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সঙ্গে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের কিছু কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিলেন। ব্লেয়ারের সময় স্পর্শকাতর কিছু রাজনৈতিক বিষয়ে কটাক্ষ করে তাঁকে চিঠি দিয়েছিলেন চার্লস। চার্লসের এ আচরণকে সীমা লঙ্ঘন বলে মনে করতেন ব্লেয়ার। গতকাল শনিবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত ব্লেয়ারের সাবেক গণমাধ্যমবিষয়ক প্রধান অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের দিনলিপির অংশবিশেষ থেকে এ তথ্য জানা যায়।দিনলিপির তথ্য অনুযায়ী, টনি ব্লেয়ার মনে করতেন, জেনেটিক্যালি-মোডিফাইড (জিএম) খাবার ও শিয়াল শিকারের মতো বিষয়ে প্রকাশ্যে মত প্রকাশ করে সিংহাসনের উত্তরাধিকারী তাঁর সীমা লঙ্ঘন করেছেন।১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ব্লেয়ার। অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের তথ্যমতে, ব্লেয়ার মনে করতেন প্রিন্স চার্লস মাঝেমধ্যে সাংবিধানিক সীমাও অতিক্রম করেছেন। রাজপরিবারের সদস্যরা ঐতিহাসিকভাবে এই সীমার প্রতি সম্মান দেখিয়ে আসছেন।শিয়াল শিকার নিষিদ্ধ, জিএম খাদ্য, গবাদিপশুর খুরারোগসহ বিভিন্ন বিষয়ে প্রিন্স চার্লসের হস্তক্ষেপ টনি ব্লেয়ারের ধৈর্যচ্যুতি ঘটিয়েছিল।ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সব রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বে। রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কথাও বলেন না তাঁরা। নিরপেক্ষতা বজায় রাখতে রাজপরিবারের অন্য সদস্যরা এই পথ অনুসরণ করে প্রকাশ্যে রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করেন না। কিন্তু সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস পরিবেশ, স্থাপত্য ও ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাপন সম্পর্কে নিজের মতামত দিয়েছেন।১৯৯৯ সালে চীনের তত্কালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজ বর্জন করেছিলেন চার্লস। ব্লেয়ারের কাছে চার্লসের এই সিদ্ধান্ত ‘বোকামো’ বলে বিবেচিত হয়েছিল। এএফপি।