প্রিন্স ফিলিপ বড়দিন কাটালেন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ পরিবারের সঙ্গে এবার প্রথমবারের মতো বড়দিনের উৎসব পালন থেকে বঞ্চিত হলেন। হূৎপিণ্ডে অস্ত্রোপচারের কারণে তাঁকে এদিন হাসপাতালে কাটাতে হয়েছে।ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা পূর্ব ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সান্ড্রিংহাম হাউসে প্রিন্স ফিলিপকে ছাড়াই এ বছর বড়দিন উদ্যাপন করেছেন। স্থানীয় গির্জায় রাজপরিবারের প্রথাগত প্রার্থনা দেখতে হাজির হয়েছিলেন প্রায় তিন হাজার শুভাকাঙ্ক্ষী। তাঁরা সেন্ট মেরি ম্যাগডালিন চার্চের প্রবেশদ্বারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন। সেখানে বড়দিনের উৎসবে প্রথমবারের মতো অংশ নেন প্রিন্স উইলিয়ামের নববধূ ক্যাথেরিন। তাঁর পরনে ছিল বাদামি রঙের কোট। তিনি স্বামী উইলিয়ামের পাশাপাশি হেঁটে চার্চে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারি। উপস্থিত ছিলেন রানি এলিজাবেথ এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসসহ রানির চার সন্তান ও আরও অনেকে। কিন্তু এত সবের মাঝে শরিক হতে পারেননি প্রিন্স ফিলিপ।বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, কেমব্রিজের কাছে পাপওয়ার্থ হাসপাতালে দ্বিতীয় রাত কাটিয়েছেন ৯০ বছর বয়সী ফিলিপ। অবশ্য তাঁর শারীরিক ও মানসিক অবস্থা ভালো আছে। গতকাল রোববার দুপুরের খাবার শেষে পরিবারের সদস্যরা তাঁকে দেখতে যান।ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে দীর্ঘায়ুতম সদস্য ও হাউস অব উইন্ডসরের অন্যতম পুরোধা প্রিন্স ফিলিপকে বুকে ব্যথার কারণে গত শুক্রবার সান্ড্রিংহাম হাউস থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে স্থানান্তর করা হয়। এএফপি।