প্রিন্স হ্যারি অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হলেন
ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তিনি গুলিবর্ষণে দক্ষতার জন্য একটি পুরস্কারও পেয়েছেন।সেন্ট জেমস প্যালেস গতকাল বৃহস্পতিবার জানায়, ২৭ বছর বয়সী যুবরাজ ১৮ মাস ধরে প্রায় ২০ জন পাইলটের কাছ থেকে অ্যাপাচি হেলিকপ্টার চালানোর ওপর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ নেন।উল্লেখ্য, অ্যাপাচি হেলিকপ্টার রকেট ও ক্ষেপণাস্ত্রযুক্ত সামরিক ট্যাংক ধ্বংস করতে সক্ষম।এ প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে গত বুধবার পূর্ব ইংল্যান্ডের সাফোকে ওয়াটিশাম বিমান স্টেশনে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহপাইলট হিসেবে গুলি ছোড়ায় পারদর্শিতার জন্য প্রিন্স হ্যারিকে পুরস্কার দেওয়া হয়। হ্যারির এই সাফল্যে দারুণ খুশি তাঁর বাবা প্রিন্স চার্লস। চার্লসের অফিস এ কথা জানায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, প্রিন্স হ্যারি এখন আফগানিস্তান ফিরে যাবেন। সেখানে তিনি ৮ থেকে ১২ মাস অবস্থান করতে পারেন। এএফপি।