আফগানিস্তানে ন্যাটোর সুরক্ষিত ঘাঁটিতে তালেবানের হামলার সময় প্রিন্স হ্যারিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড গত সোমবার এ কথা বলেন।হেলমান্দ প্রদেশের সুরক্ষিত ক্যাম্প ব্যাসন নামের ওই ঘাঁটিতে গত শুক্রবার তালেবান জঙ্গিরা হামলা চালায়। ওই হামলায় দুজন মার্কিন মেরিন সেনা নিহত হন।গত সোমবার বিবিসির নিউজনাইটে এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী হ্যামন্ড বলেন, প্রিন্স হ্যারির নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়। ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলা শুরুর সঙ্গে সঙ্গেই প্রিন্স হ্যারিকে কঠোর নিরাপত্তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।হ্যামন্ড বলেন, প্রিন্স হ্যারি (২৮) আফগানিস্তানে সাধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রিন্স হ্যারিকে হত্যার হুমকি দিয়েছে তালেবান জঙ্গিরা। তবে তালেবানের এক মুখপাত্র জানান, প্রিন্স হ্যারিকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। ইনোসেন্স অব মুসলিমস নামের চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়। এএফপি।