প্রিন্স হ্যারির নতুন প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনে ভবিষ্যৎ উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ঘর বেঁধেছেন দুই মাস আগে । ছোট ভাই প্রিন্স হ্যারিও বোধহয় আর বেশি দিন একা একা থাকছেন না। গণমাধ্যমের খবর, প্রিন্স হ্যারি ডুবে ডুবে জল খাচ্ছেন। নতুন প্রেমিকা ফ্লোরেন্স ব্রুডেনেল-ব্রুসের সঙ্গে কাটছে তাঁর অন্তরঙ্গ সময়। প্রিন্স হ্যারির (২৬) বন্ধুরা দ্য সান পত্রিকাকে বলেছেন, দীর্ঘদিনের বান্ধবী চেলসি ডেভির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন প্রিন্স হ্যারি। তিনি এখন ফ্লোরেন্সের প্রেমে মজেছেন। পশ্চিম লন্ডনের নটিংহিলে ফ্লোরেন্স ২৫ লাখ পাউন্ডের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের একটি সূত্র পত্রিকাটিকে বলেছে, ‘হ্যারি আসলেই ফ্লোরেন্সকে খুব পছন্দ করে।’যুক্তরাজ্যের আর্ল অব কার্ডিগানের সপ্তম বংশধর ফ্লোরেন্স। আর্ল অব কার্ডিগান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জেমস টমাস ব্রুডেনেল। ক্রিমিয়ার যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি চার্জ অব দ্য লাইট ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। ফ্লোরেন্সের বাবা অ্যান্ড্রু পেশায় মদ ব্যবসায়ী। তাঁর মায়ের নাম সোফি। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছেন ফ্লোরেন্স। ছবি আঁকা ও চিত্রকর্ম সংগ্রহ ফ্লোরেন্সের নেশা। তিনি একবার বলেছিলেন, ‘জামাকাপড় কেনার চেয়ে চিত্রকর্ম কেনাতেই আনন্দ পাই বেশি।’ নেশা আছে আরও একটি বিষয়ে, মডেলিংয়ে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন ইতিমধ্যে। প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্কের বিষয়ে গত মঙ্গলবার ফ্লোরেন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘খুব বেশি বলার মতো কিছু নেই।’ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের পর প্রিন্স হ্যারি ও কেটের ছোট বোন পিপা মিডলটনের ঘনিষ্ঠ অবস্থার ছবি প্রকাশ করা হয়েছিল। তখন গুজব ছড়ায়, হ্যারি ও পিপার প্রেম হয়ে গেছে। টেলিগ্রাফ।