প্রিন্সেস ডায়ানার হাতে লেখা চিঠি নিলামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্সেস ডায়ানার কোলে ছোট ছেলে প্রিন্স হ্যারি। ছবিটি ১৯৮৮ সালের ৯ আগস্ট স্পেন সফরের সময় তোলা। ছবি: রয়টার্স
প্রিন্সেস ডায়ানার কোলে ছোট ছেলে প্রিন্স হ্যারি। ছবিটি ১৯৮৮ সালের ৯ আগস্ট স্পেন সফরের সময় তোলা। ছবি: রয়টার্স

ব্রিটিশ যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার হাতে লেখা ছয়টি চিঠি নিলামে তোলা বিক্রি হয়েছে। ক্যামব্রিজের নিলামকারী প্রতিষ্ঠান শেফিনস অকশন হাউসের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার চিঠিগুলো নিলামে প্রায় ১৪ লাখ ৬৯ হাজার ১১৯ টাকায় (১৫ হাজার ১০০ পাউন্ড) বিক্রি করা হয়। এর প্রাথমিক দর ধরা হয়েছিল ২৩০০ থেকে ৩৬০০ পাউন্ড।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্সেস ডায়ানার হাতে লেখা ছয়টি চিঠির মধ্যে একটিতে ছোট ছেলে প্রিন্স হ্যারিকে নিয়ে লেখা। সেখানে বলা হয়েছে, হ্যারি অনবরত স্কুলে ঝামেলার মাঝে ছিল। চিঠিটি বাকিংহাম প্যালেসের তৎকালীন প্রধান তত্ত্বাবধায়ক শেরিল ডিকম্যানকে লেখা ছিল। শেরিল ৫০ বছর বাকিংহাম প্যালেসের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছিলেন। প্রত্যাশিত মূল্যের চেয়েও অতিরিক্ত দরে চিঠিটি বিক্রি হয়েছে।

লন্ডনে ‘ভিক্টোর ওভার জাপান’ দিবসের অনুষ্ঠানে প্রিন্সেস ডায়ানা ও তাঁর ছোট ছেলে প্রিন্স হ্যারি। ছবিটি ১৯৯৫ সালের ১৯ আগস্ট তোলা। ছবি: রয়টার্স
লন্ডনে ‘ভিক্টোর ওভার জাপান’ দিবসের অনুষ্ঠানে প্রিন্সেস ডায়ানা ও তাঁর ছোট ছেলে প্রিন্স হ্যারি। ছবিটি ১৯৯৫ সালের ১৯ আগস্ট তোলা। ছবি: রয়টার্স

অন্য আরেকটি চিঠিতে তারিখ লেখা ছিল ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর। চিঠিটি প্রিন্স হ্যারির জন্মের পাঁচ দিন পর লেখা। সেখানে লেখা ছিল, উইলিয়াম তাঁর ছোট ভাইকে যথেষ্ট পছন্দ করেছে। সে অনবরত তাকে জড়িয়ে ধরছে আর চুমু দিচ্ছে। চিঠিটি প্রায় তিন লাখ ১১ হাজার ৩৩৬ টাকায় (৩২০০ পাউন্ড) নিলামে বিক্রি হয়েছে। এই চিঠিটির প্রাথমিক দর ধরা হয়েছিল ৪০০ থেকে ৬০০ পাউন্ড।

নিলামে তোলা প্রিন্সেস ডায়ানার হাতে লেখা চিঠি ও বিভিন্ন সংগ্রহ। ছবি: এএফপি
নিলামে তোলা প্রিন্সেস ডায়ানার হাতে লেখা চিঠি ও বিভিন্ন সংগ্রহ। ছবি: এএফপি

আরেকটি চিঠিতে তারিখ লেখা ছিল ১৯৯২ সালের অক্টোবর। চিঠিতে লেখা ছিল, খুদে দুই প্রিন্সই তাদের বোর্ডিং স্কুলে বেশ আনন্দে আছে। যদিও হ্যারি কিছুটা ঝামেলায় আছে। চিঠিটি প্রায় দুই লাখ ৩৩ হাজার ৫০২ টাকায় (২৪০০ পাউন্ড) নিলামে বিক্রি হয়েছে। এই চিঠিটির প্রাথমিক দর ধরা হয়েছিল ৬০০ থেকে ৯০০ পাউন্ড।

শেরিল ডিকম্যানের পরিবারের কাছ থেকে পাওয়া কিছু চিঠি, কার্ড ও রাজপরিবারের ছবিও নিলামে বিক্রি হয়েছে। এগুলোর মধ্যে প্রিন্স চার্লস, প্রিন্সেস মার্গারেট, নারী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের চিঠি, কার্ড এবং ছবি ছিল।

নিলামকারী প্রতিষ্ঠান শেফিনস অকশন হাউস জানিয়েছে, রাজপরিবারের অনেক স্মৃতিবহুল একটি সংগ্রহ নিলামে বিক্রি করা হয়েছে। নিলামের সময় অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ক্রেতারা চিঠি ও সংগ্রহগুলো সর্বোচ্চ দর হাঁকিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন।