প্রিয় সন্তানের প্রতীক্ষায় কুনু গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার শৈশবের স্মৃতিবিজড়িত কুনু গ্রামের বাসিন্দারা এখন তাঁদের প্রিয় সন্তানের শেষ প্রত্যাবর্তনের প্রতীক্ষা করছেন। ১৫ ডিসেম্বর এ গ্রামেই পারিবারিক সমাধিতে সমাহিত করা হবে তাঁকে।
বর্ণবাদবিরোধী আন্দোলনের মহান নেতা ম্যান্ডেলার নাম উচ্চারণের সময় কুনু গ্রামের বয়োজ্যেষ্ঠদেরও কণ্ঠ নিচু হয়ে আসে। টুপি খুলে ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শন করেন তাঁরা।
নিভৃত কুনু গ্রামে হইহল্লা নেই। জোহানেসবার্গের মতো এখানে আবেগাপ্লুত হাজারো মানুষের ভিড় নেই। গানে গানে ম্যান্ডেলার ৯৫ বছর উদ্যাপন করেনি কেউ। প্রিয় মাদিবার অসুস্থতার সময় তাঁর জন্য রাতভর প্রার্থনারও আয়োজন করা হয়নি এখানে।
ইস্টার্ন কেপ প্রদেশের প্রত্যন্ত এই কুনু গ্রামে ম্যান্ডেলার বাড়িটি সুনসান। গ্রামের অদূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতোই চুপচাপ। বাড়িটি তাঁর খুব প্রিয় ছিল। শৈশবের সবচেয়ে আনন্দময় দিনগুলো এই গ্রামেই কাটিয়েছিলেন ম্যান্ডেলা।
ম্যান্ডেলার ভাইয়ের ছেলে এমফান্দো এমতিরারা বলেন, ‘আমরা শোক পালন করছি। আমাদের শেষ শ্রদ্ধা তাঁর প্রাপ্য। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি।’
ম্যান্ডেলার মারা যাওয়ার খবর কুনু গ্রামের নিকটাত্মীয়দের জানানোর ভার পড়েছিল এমতিরারা কাঁধে। বিষয়টা মোটেও সহজ ছিল না। তিনি বলেন, ‘একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা গভীরভাবে শোকাহত। জানতাম এমন একদিন আসবে, এর পরও মন আমাদের ব্যথায় ছেয়ে গেছে।’
এমতিরারা বলেন, ‘আমাদের কাছ থেকে অসীম শ্রদ্ধা পাওনা তাঁর। যখন জীবিত ছিলেন, তখন আমরা তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করতাম। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর প্রতি শ্রদ্ধা অটুট রয়ে গেছে।’
ম্যান্ডেলার থেম্বু গোত্রের রাজা দালিনদিয়েবোসহ গ্রামের একটি প্রতিনিধিদলের গতকাল শনিবারই জোহানেসবার্গ যাওয়ার কথা বলে জানিয়েছন এমতিরারা। মাদিবাকে সমাধিস্থ করার পরিকল্পনার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তাঁরা।
২৭ বছর কারাভোগ শেষে ১৯৯০ সালে মুক্তি পেয়ে কুনু গ্রামে আধুনিক নতুন বাড়ি তৈরি করেছিলেন ম্যান্ডেলা। সেখানে এখন পাহারা দিচ্ছে সশস্ত্র সেনা ও পুলিশ। বাড়ির পাশের ব্যস্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মাদিবার মরদেহ আনার সময় এই গ্রামে শোকার্থীদের ব্যাপক ভিড় হবে। তাঁদের চলাচল নির্বিঘ্ন করতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
গ্রামের বয়োজ্যেষ্ঠ অ্যালবার্ট এনজোকউইনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসেছিলেন মাদিবা, আবার তাঁদের কাছেই ফিরে গেছেন। কঠিন জীবন যাপন করেছেন তিনি। তাঁর সেই কঠিন সংগ্রামের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এখন সময় এসেছে। প্রিয়জনদের পাশে বিশ্রাম নেবেন তিনি।’
এনজোকউইনি আরও বলেন, ‘আমি মনে করি না, এই গ্রাম আবার মাদিবার মতো এত বড় মাপের কোনো মানুষকে দেখতে পাবে। তিনি আমাদের একজন ছিলেন। এটা ভেবেই গর্ববোধ হয়।’
কাছের এমথাথা শহরের একটি স্কুলে পড়তেন ম্যান্ডেলা। সেখানে তাঁকে উৎসর্গ করে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। সারা দেশের মতো এই শহরেও জাতীয় শোক পালন করা হচ্ছে। স্থানীয় একটি সুপার মার্কেটের বাইরে ম্যান্ডেলার বিশাল একটি ছবি টাঙানো হয়েছে। তাতে লেখা: ‘শান্তিতে ঘুমাও নেলসন ম্যান্ডেলা। তুমি কিংবদন্তি ছিলে, এ দেশের জনক ছিলে।’
বিশ্বজুড়ে খ্যাতি থাকা সত্ত্বেও নিজের শেকড়ের সঙ্গে, শৈশবের কুনু গ্রামের সঙ্গে কখনো যোগাযোগ বন্ধ করেননি ম্যান্ডেলা। এএফপি।