প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেরিকা তোমানোভিচ তাঁর সার্ব স্বামীর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তাঁর স্বামী কসোভোতে এক দশকের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন। ভেরিকা বলেন, ‘মানুষটি নিখোঁজ রয়েছে। যদি আপনি তার সন্ধান পান, তবে অনুগ্রহ করে পুলিশকে খবর দিন।’ভেরিকার স্বামীর নাম আন্দ্রিজা তোমানোভিচ (৬২)। প্রিস্টিনার হাসপাতালের প্রধান শল্যচিকিৎসক ছিলেন তিনি। বলকান যুদ্ধ শেষে ন্যাটো নেতৃত্বাধীন কেএফওআর শান্তিরক্ষী বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। এর দুই সপ্তাহ পর ১৯৯৯ সালের ২৪ জুন আন্দ্রিজা নিখোঁজ হন। গত শতকের নব্বইয়ের দশকে সাবেক যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও কসোভো রাষ্ট্রের সৃষ্টি হয়। ওই যুদ্ধে নিখোঁজ প্রায় ১৪ হাজার ৬৫০ ব্যক্তির মধ্যে আন্দ্রিজাও রয়েছেন।ভেরিকা জানান, ‘সেদিন হাসপাতাল থেকে আন্দ্রিজা (তোমানোভিচ) আমাকে ফোন করে জানায় যে সে বাড়ি যাচ্ছে এবং ১০ মিনিট পর আবার ফোন করবে।’ তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, ‘এর পর থেকে আমরা আর তার গলার আওয়াজ শুনতে পাইনি।’ ভেরিকা তখন তাঁর মেয়ের কাছে বেলগ্রেডে ছিলেন। তিনি স্বামীর সন্ধানে তাঁর বন্ধুবান্ধব ও সহকর্মীদের ফোন করছিলেন এবং আতঙ্কগ্রস্ত সময় কাটাচ্ছিলেন। কালো পোশাক পরিহিতা অশ্রুসজল ভেরিকা বলেন, ‘১১ বছর কেটে গেছে এবং এখনো জানি না সে কোথায় আছে।’ ভেরিকার মতো আরও অনেকে আজও অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের।গতকাল সোমবার ছিল আন্তর্জাতিক অন্তর্ধান দিবস। ভেরিকা ও অন্যান্য নিখোঁজ পরিবারের সদস্যরাও দিবসটি পালন করেন। বলকান যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। কিন্তু নিখোঁজ প্রায় ১৫ হাজার ব্যক্তির আজও হদিস মেলেনি। পরিবারের লোকজন এখনো প্রিয়জনদের খুঁজে ফিরছে। বেলগ্রেড-ভিত্তিক ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রধান পল হেনরি আরনি বলেন, এই নিখোঁজের বিষয়টি তুলে ধরতে আইসিআরসি মিসিং লাইভস নামে একটি বই প্রকাশ করেছে। এতে বলকান যুদ্ধে নিখোঁজ ১৫ হাজার ব্যক্তির বর্ণনা রয়েছে। আরনি বলেন, ‘আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, বর্তমানে নিখোঁজদের অপেক্ষায় প্রিয়জনেরা নরকযন্ত্রণা ভোগ করছে।’ এএফপি।