প্রিয়াংকার বিজয়গাথা
ঝা চকচকে, সাজানো-গোছানো। ফুল আর বেলুনে সাজানো। গত সপ্তাহেই সুসজ্জিত এই শৌচাগার উদ্বোধন করা হয়েছে। শৌচাগারটিকে দেখা হচ্ছে ভারতীয় নারীদের ক্ষমতায়নের উজ্জ্বল প্রতীক হিসেবে।উত্তর প্রদেশের বিষ্ণুপুর খুর্দ গ্রামে শৌচাগারটি তৈরি করা হয়েছে। গ্রামেরই নববধূ প্রিয়াংকা ভারতীর দৃঢ়চেতার ফল হচ্ছে এই শৌচাগার। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে পাকা শৌচাগার না পেয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন এই নারী। ঘোষণা দিয়েছিলেন, পাকা শৌচাগার তৈরি না করা পর্যন্ত স্বামীর বাড়িতে যাবেন না। যে কথা সেই কাজ। শ্বশুরবাড়ির লোকজন শত চেষ্টায়ও তাঁর মন গলাতে পারেননি। পাকা শৌচাগার হওয়ার পর স্বামীর বাড়িতে ফিরে এসেছেন তিনি।প্রিয়াংকা বলেন, ‘দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে আমি এমন একটা বাড়িতে থাকতে পারি না, যেখানে লোকজন আমাকে বাইরে প্রাকৃতিক কাজকর্ম করতে যেতে দেখতে পারে।’ শ্বশুরবাড়ির অস্বাস্থ্যকর পরিবেশে প্রাকৃতিক কাজকর্মের প্রতিবাদ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেও জানি না, কোত্থেকে আমি এই শক্তি পেলাম। তবে আমি এমন একটা পরিবার থেকে এসেছি, যেখানে অনেক মনোবলসম্পন্ন নারী রয়েছেন।’প্রিয়াংকার এই প্রতিবাদ নজর কাড়ে সুলভের। ভারতের অন্যতম বড় এই বেসরকারি সংগঠন এগিয়ে আসে তাঁর পাশে। প্রতিষ্ঠানটি প্রিয়াংকার শ্বশুরবাড়িতে পাকা শৌচাগার নির্মাণ করার পাশাপাশি প্রিয়াংকার এ ঘটনাকে ভারতজুড়ে জনস্বাস্থ্যের পক্ষে প্রচারণার ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করে।শৌচাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়াংকাকে পূর্বঘোষিত দুই লাখ রুপি (তিন হাজার ৬০০ ডলার) পুরস্কার দিয়েছে সুলভ।সুলভের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক বলেন, ‘নারীরা তাঁদের জরুরি কাজ সারতে দিনের বেলা বাইরে যান না। তাই তাঁদের সকাল হওয়ার আগেই মাঠে যেতে হয়। আবার এ কাজের জন্য তাঁদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়।’ তিনি বলেন, ‘খালি পায়ে মাঠে গেলে পোকামাকড়, ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে নানা রোগ ছড়ায়। তা ছাড়া এসব মাঠে শিশুদের জন্য খেলাধুলা করাটা অস্বাস্থ্যকর। আগে মানুষ এ নিয়ে কথা বলত না। কিন্তু এখন এ নিয়ে বিতর্ক হচ্ছে।’ভারতের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ বলেন, ভারতের ৬০ থেকে ৭০ শতাংশ নারী প্রাকৃতিক কাজের জন্য বাইরে যেতে বাধ্য হন। এটা ভারতের জন্য ‘লজ্জার’। তিনি এ সমস্যা সমাধানে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।২০১১ সালের শুমারি অনুযায়ী, ভারতের প্রায় ১৩ কোটি ১০ লাখ ঘরের আঙিনায় শৌচাগার নেই। খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারে, এমন পরিবারের সংখ্যা ১২ কোটি ৩০ লাখ। এএফপি।