প্রেমিকার মাকে কিডনি দানের পর যা ঘটল
ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে! কিছু প্রেমের গল্প হয়ে যায় অমর। কিন্তু সব প্রেমের শেষটা কিন্তু রূপকথার গল্পের মতো হয় না। থাকে কিছু ভিন্নতাও। এই গল্পের কাহিনিও ভিন্ন ধরনের।
গল্পটা একজন মেক্সিকান শিক্ষকের। তাঁর নাম উজেল মার্টিনেজ। সম্প্রতি তাঁর একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে মার্টিনেজ দাবি করেন, কিছুদিন আগে তিনি প্রেমিকার মাকে তাঁর একটি কিডনি দান করেছেন। কিন্তু এর এক মাসের মাথায় প্রেমিকা তাঁকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেন। তাঁর এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’।
এ পর্যন্ত মার্টিনেজের ভিডিওটি ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে মার্টিনেজ বলেন, ‘আমি তাঁর (প্রেমিকা) মাকে কিডনি দান করেছি, আর সে আমাকে ছেড়ে চলে গেছে এবং এক মাস পর আরেকজনকে বিয়ে করেছে।’
অনেকেই মার্টিনেজের সঙ্গে তাঁর প্রেমিকার এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। যেমন একজন লেখেন, ‘দুঃখ করবেন না, তিনি (প্রেমিকা) একজন ভদ্র মানুষকে (মার্টিনেজ) হারিয়েছেন। এগিয়ে যান এবং ভালো মনের নারীকে খুঁজুন, যিনি আপনাকে উৎসাহ দেবেন।’ আরেক মন্তব্যকারী মার্টিনেজকে এ ধরনের ভুল পুনরায় না করতে অনুরোধ করেন।
ভিডিওতে মার্টিনেজ বলেছেন, ছেড়ে যাওয়া প্রেমিকার প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। তিনি ভালো আছেন। তিনি এ শোক কাটিয়ে উঠেছেন। মার্টিনেজ আরও বলেন, ‘তাঁর বিরুদ্ধে আমার কিছু নেই... আমরা আর বন্ধু নেই, আবার একে অন্যকে ঘৃণাও করি না। আমি টিকটকের জন্য শুধু ভিডিও বানিয়েছি মাত্র। কিন্তু ভাবতে পারিনি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’ তবে এ বিষয়ে মার্টিনেজের প্রেমিকার বক্তব্য জানা যায়নি।