প্রেমে ও রণে সবই চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচার ও প্রচারণার কাজ। ছবি: এএফপি
ভারতে নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচার ও প্রচারণার কাজ। ছবি: এএফপি

নির্বাচন বিধি ভাঙার এমন অভিযোগের মীমাংসা ভারতের নির্বাচন কমিশনকে সম্ভবত আগে কখনো করতে হয়নি। আগ্রহ তাই অসীম। আগ্রহ হওয়ারই কথা। কেননা যে বিতর্কের মীমাংসা তাদের করতে হবে, সাধারণ মামলা হলে তা নির্ঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতই এবং তাতেও সংশয় যে কাটত, বাজি ফেলে তা বলাও কঠিন।
অভিযোগ একটি বাক্যকে ঘিরে। বাক্যটি একটি কবিতার নির্যাস, যা সোয়া ৪০০ বছরেরও বেশি আগে ব্রিটিশ কবি জন লিলির ‘ইউফুয়েজ’ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। ১৫৭৮ সালে জন লিলির ওই কবিতার পরই বিখ্যাত হয়ে যায় এই লাইনটি, ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। অর্থাত্ ‘প্রেমে ও রণে জেতার জন্য সব কিছুই জায়েজ’।
সত্যি সত্যিই প্রেম ও যুদ্ধে সবকিছু ঠিক কি না, সে নিয়েও যে বিতর্ক হয় না, তা নয়। কিন্তু এ তো আর নিছক বিতর্ক নয়, এ রীতিমতো অভিযোগ। আর অভিযোগটা হলো সরাসরি নির্বাচন বিধি লঙ্ঘনের। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক অমল হালদার। অভিযুক্ত করেছেন রাজ্যের মন্ত্রী বর্ধমান জেলার বিধায়ক স্বপন দেবনাথকে। মন্ত্রিমশাই তাঁর দলের এক কর্মিসভায় ভোট-রণনীতি ঠিক করার সময় বোর্ডে লিখে তো দিয়েইছিলেন, বারবার নাকি  উচ্চারণও করেছিলেন, ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। অমল হালদারের দাবি এবং অভিযোগ, এর মধ্য দিয়ে শাসক দলের মন্ত্রী তাঁর দলীয় কর্মীদের ভোটে জিততে যা ইচ্ছে তা-ই করার নির্দেশ দিয়েছেন। কারণ, ভোটও একটা যুদ্ধ, আর সেই যুদ্ধে জেতার জন্য অন্যায় কিছুই নেই।

দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক কর্তা জনান্তিকে স্বীকার করলেন, ‘বিষয়টা বেশ কঠিন, আবার ইন্টারেস্টিংও বটে।’ তাঁর কথায়, ‘একটা কবিতার লাইন প্রায় আপ্তবাক্যে পরিণত হয়ে গেছে। এটা নিয়ে নীতিবাগীশেরা অনেক প্রশ্নও তুলেছেন। আবার এটাও ঠিক যে, এই কথার বহু রকম ব্যাখ্যাও করা যায়। যে যেভাবে করতে চায় আর কী। অনেকটা মোনালিসার হাসির মতো।’

সন্দেহ নেই, ভারতের ভোটচিত্রটা দিন দিন রঙিন থেকে রঙিনতর হয়ে উঠছে। প্রেমে ও রণে জেতার জন্য অন্যায় যেমন কিছুই নেই, তেমনই ভোটযুদ্ধে জিততে একেকটি বিষয়ও যেন কবর থেকে বেরিয়ে আসছে। এই যেমন উইকিলিকসের টুইটের পাশাপাশি উঠে এল অর্ধ শতাব্দী প্রাচীন ভারত-চীন যুদ্ধের ব্যর্থতার দোষারোপের কাহিনি। উইকিলিকসের টুইটকে কংগ্রেস ঝাঁপিয়ে পড়ে ধরতে না ধরতেই অস্ট্রেলীয় সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েলের ফাঁস করা হেন্ডারসন ব্রুক্স ও পি এস ভগতের গোপন রিপোর্টকে হাতিয়ার করে ফেলল বিজেপি। সেই রিপোর্ট, যা ভারত-চীন যুদ্ধের পরপরই তত্কালীন সেনাপ্রধান জেনারেল জে এন চৌধুরীর নির্দেশে লে. জেনারেল হেন্ডারসন ব্রুক্স ও পি এস ভগত্ তৈরি করেছিলেন এবং আজ পর্যন্ত যা সরকার প্রকাশ করেনি। সব দলের সব প্রার্থীর নাম আজও ঘোষণা হয়নি, কিন্তু তাতে কী, ভোট বাজারে এই নিয়ে চাপানউতোর প্রবল। যেমন, কংগ্রেস উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জের টুইটটা নিয়ে উঠেপড়ে লেগেছে। অ্যাসাঞ্জের কথায়, নরেন্দ্র মোদিকে তাঁরা ‘সততার প্রতীক’ আখ্যা দেননি। ২০০৬ সালে মুম্বাইয়ের মার্কিন কনসাল মিশেল আওয়েন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর ওয়াশিংটনে যে কেবল পাঠিয়েছিলেন, তাতে রাজকোটের কংগ্রেস নেতা মনোহরসিন জাদেজার একটা ধারণার কথা স্থান পেয়েছিল। ধারণাটা হলো, মোদি সত্ এবং তাঁর উন্নয়ন অনস্বীকার্য।

২০১১ সালে উইকিলিকস সেই কেবল ফাঁস করার পর মোদিকে নিয়ে বিজেপির উচ্ছ্বাস ছিল মাত্রাছাড়া। গতকাল সোমবার অ্যাসাঞ্জের টুইট কংগ্রেস লুফে নেয়। বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি পাল্টা বলেছেন, ‘মোদিকে নিয়ে উইকিলিকস বা অ্যাসাঞ্জের সার্টিফিকেটের প্রয়োজন আমাদের নেই।’

ব্রুক্স ও ভগতের রিপোর্টের ওপর ভিত্তি করেই নেভিল ম্যাক্সওয়েল তাঁর বই ‘ইন্ডিয়াজ চায়না ওয়ার’ বইটা লিখেছিলেন। অনলাইনে রিপোর্টের যে অংশ তুলে দিয়েছেন, তাতে সেই অর্থে নতুন কিছু নেই। তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে প্রধানত দায়ী করা হয়েছিল তাঁর চীন নীতি নিয়ে এবং সেনাবাহিনীর অযোগ্যতা, অদূরদর্শিতাও তাতে উঠে এসেছে। এ নিয়ে বিজেপি এই ভোটবাজারে কংগ্রেসকে তোপ দাগতে ছাড়ছে না। পরাজয়ের জন্য বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ সরাসরি নেহরু ও ভি কে কৃষ্ণমেননকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর কথায়, ওঁদের অপরিণামদর্শিতার জন্য আজও ভারতকে মূল্য দিতে হচ্ছে। অবশ্য প্রতিরক্ষা বিশেষজ্ঞ উদয় ভাস্কর ও ভরত বর্মা তত্কালীন সামরিক শিথিলতাকে দায়ী করলেও এত বছর পরে এ নিয়ে বিশেষ আলোচনার অবকাশ আছে বলে মনে করেন না। কংগ্রেসের রশিদ আলভি ও এনসিপি নেতা ডি পি ত্রিপাঠিও বলেন, বিজেপি অকারণে জল ঘোলা করছে। নেহরু নিজেই দোষ স্বীকার করে বলেছিলেন, চীনকে বিশ্বাস করাটা ছিল তাঁর মারাত্মক ভুল।

ভারত-চীন যুদ্ধ ৫২ বছরের প্রাচীন। আওয়েন-মোদি মোলাকাতও আট বছরের পুরোনো। সোয়া ৪০০ বছরেরও বেশি আগে লেখা কবিতাও এই ভোটযুদ্ধে প্রাসঙ্গিক হয়ে গেল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন এতটাই ঝলমলে।