প্রেমের অনলে পুড়ল ৩, গ্রেপ্তার ১৪
ভারতের বিহার রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের মুজাফফরাপুর জেলার অজিতপুরে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে মুসলিম সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িঘরে আগুন দেয় হিন্দু সম্প্রদায়ের একদল উত্তেজিত জনতা। এতে তিনজন মুসলমান জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
পুলিশ জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে হিন্দু সম্প্রদায়ের এক তরুণ নিখোঁজ হয়। গতকাল সকালে তার লাশ পাওয়ার পর সহিংসতার সূত্রপাত হয়।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, নিখোঁজ হওয়ার পর যে হিন্দু তরুণের লাশ পাওয়া গেছে, তার সঙ্গে এক মুসলিম তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণকে অপহরণ করে হত্যা করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ৯ জানুয়ারি ওই তরুণ নিখোঁজ হয়। এরপর ১১ জানুয়ারি তার বাবা থানায় অভিযোগ করেন। এক মুসলমানের বিরুদ্ধে ছেলেকে অপহরণের অভিযোগ করেন ওই বাবা।
ওই তরুণের লাশ পাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের উত্তেজিত জনতা একত্র হয়ে মুসলমান সম্প্রদায়ের প্রায় ২০টির মতো বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তিনজন পুড়ে নিহত হন।
দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
পুলিশের দাবি, উদ্বেগজনক হলেও এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।