প্রেমের টানে দেশছাড়া 'সৌদি জুলিয়েট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ ছেড়ে ইয়েমেনে আশ্রয় নিয়েছেন হুদা আল-নিরান ষ এএফপি
দেশ ছেড়ে ইয়েমেনে আশ্রয় নিয়েছেন হুদা আল-নিরান ষ এএফপি

একালের জুলিয়েটই বটে। পরিবারের রক্তচক্ষু আর সৌদি আরবের মতো রক্ষণশীল রাষ্ট্রকে তুড়ি মেরে প্রেমিকের জন্য দেশ ছেড়েছেন তিনি। পাড়ি জমিয়েছেন প্রেমিকের দেশ প্রতিবেশী ইয়েমেনে। কিন্তু শেষরক্ষা হয়নি।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে আটক হয়েছেন হুদা আল-নিরান নামের প্রেমিকাটি। এ অবস্থায় আর কোনো উপায় না দেখে জাতিসংঘের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন তিনি। বিশ্বসংস্থাটি তাঁর আকুতি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কর্মকর্তারা বলেছেন, হুদার আশ্রয়ের আবেদন মঞ্জুর হতে পারে। কেননা, তিনি দেশে ফিরলে হয়রানির শিকার হতে পারেন। এমনকি তাঁকে নিজের পরিবারের হাতে মরতেও হতে পারে।
ঘটনাটি ইতিমধ্যে সৌদি আরব ও ইয়েমেনে হইচই ফেলে দিয়েছে। ইয়েমেনে তো এই যুগল ইতিমধ্যে একালের ‘রোমিও-জুলিয়েট’ খেতাব পেয়ে গেছেন।
হুদার ইয়েমেনি প্রেমিক আরাফাত কাজের সুবাদে সৌদি আরবে এসেছিলেন। কাজের সময়ই দুজনের পরিচয়। পরিচয় থেকে প্রেম। অতঃপর ঘর বাঁধার স্বপ্ন বোনা। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়েই কয়েক সপ্তাহ আগে ইয়েমেনে পাড়ি দেন হুদা। আরাফাত এর আগেই দেশে ফিরে যান।
হুদা জানান, আরাফাত তাঁর পরিবারকে আনুষ্ঠানিকভাবেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা প্রত্যাখাত হওয়ায় তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইয়েমেনে যাওয়ার পর থেকে আরাফাত ও হুদা একটি অভিবাসন আশ্রয়কেন্দ্রে আছেন। হুদার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে সীমানা পাড়ি দিয়েছেন। আর আরাফাতের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। তবে তাঁর মুক্তি মেলেনি। প্রেমিকজুটি এক আশ্রয়কেন্দ্রে থেকেও এখন পরস্পরের থেকে বিচ্ছিন্ন। মামলার শুনানির সময় সপ্তাহে মাত্র একবার দেখা করার সুযোগ পান দুজন। বিবিসি।