প্রেশারকুকারে বোমা ভরে এনে বিস্ফোরণ ঘটানো হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় প্রেশারকুকারে বোমা ভরে এনে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু ধাতব পদার্থ, বিস্ফোরণ ঘটানোর ডিভাইস ও প্রেশারকুকারের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।বোস্টনের বয়েলস্টন স্ট্রিটের অদূরে ম্যারাথন ট্র্যাকের ফিনিশিং লাইনের কাছে গত সোমবার পর পর দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১৭০ জন আহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। আজ বৃহস্পতিবার বোস্টনে নিহত ব্যক্তিদের স্মরণানুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) বিশেষ প্রতিনিধি রিচার্ড ডেসলাওরিয়ার্স সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে কয়েক টুকরো নাইলনের সুতা, ধাতব বল, বেয়ারিং ও পেরেক উদ্ধার করা হয়েছে। সম্ভবত বিস্ফোরকসহ এই জিনিসগুলো প্রেশারকুকারে করে এনে বিস্ফোরণ ঘটনো হয়েছে। তিনি জানান, উদ্ধার করা জিনিসগুলো গবেষণার জন্য ভার্জিনিয়ায় পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বিস্ফোরণে ব্যবহার করা উপাদান চিহ্নিত করতে কাজ করবেন। ডেসলাওরিয়ার্স আরও জানান, তদন্তকাজ এখনো চলছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তাই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে দায়ী করা বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।সংবাদ সম্মেলনে ডেসলাওরিয়ার্স জনগণের উদ্দেশে বলেন, ‘বিস্ফোরণের আগে কেউ সন্দেহভাজন কোনো কিছু দেখে থাকলে তদন্তকারীদের সেই তথ্য দিয়ে সহায়তা করুন।’ তিনি আরও বলেন, ‘এই বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা কেউ কেউ জানে।’ একই সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর ডেভাল প্যাট্রিক বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠব। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বুলেটিনের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা তুলে ধরেছে। বুলেটিনে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা বেশ কিছু ধাতব পদার্থ, বিস্ফোরণ ঘটানোর ডিভাইস ও প্রেশারকুকারের অংশবিশেষের ছবি দেওয়া হয়েছে।তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, ১ দশমিক ৬ গ্যালনের দুটি প্রেশারকুকারে বিস্ফোরক ভরে তা ঘটনাস্থলে নেওয়া হয়। এর একটিতে ধাতব পদার্থের ভাঙা টুকরা, বল, বেয়ারিং এবং অন্যটিতে পেরেক ছিল। ওই সূত্র আরও জানায়, একটি কালো ব্যাগে ভরে প্রেশারকুকার দুটি ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়। বিবিসির প্রতিনিধি জানান, ঘটনাস্থল থেকে সার্কিট বোর্ড, ব্যাটারি ও ট্রিগারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তিদের পরিচয়: বিস্ফোরণে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহত আট বছরের শিশুটির নাম মার্টিন রিচার্ড। মা ও বোনের সঙ্গে ম্যারাথন দেখতে গিয়েছিল মার্টিন। বিস্ফোরণে মা ও বোন গুরুতর আহত হন। তাঁদের বাড়ি বোস্টনের ডরচেস্টার এলাকায়।নিহত দ্বিতীয়জন ২৯ বছর বয়সী নারী ক্রিস্টাল ক্যাম্পবেল। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তাঁর মা প্যাটি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ক্যাম্পবেলকে যারাই চিনত, তারাই তাঁকে খুব ভালোবাসত।’বিস্ফোরণে নিহত অপরজন চীনের নাগরিক। তিনি বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে চীনের কনস্যুলেট থেকে জানানো হয়, নিহত ওই শিক্ষার্থীর পরিবারের আপত্তির কারণে তাঁর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে না। বিবিসি।