প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করলেন পেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন দেশটির রাজনীতিবিদ সারাহ পেলিন। গত শনিবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে পেলিন বলেন, মিসর সম্পর্কে মার্কিন জনগণ যা জানতে চায়, ওবামা প্রশাসন তা জানাতে ব্যর্থ হয়েছে।শনিবার সন্ধ্যায় ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কের ওয়েবসাইটে পেলিনের ওই সাক্ষাৎকার প্রচার করা হয়। সারাহ পেলিন প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করে বলেন, ‘মিসরের পরবর্তী নেতৃত্বে কে আসছেন, তা ওবামা প্রশাসনকে অবশ্যই খোলাসা করতে হবে। অনেক সময় পেরিয়ে গেছে। এখন হোয়াইট হাউস থেকে আমরা শক্তিশালী সিদ্ধান্ত চাই।’২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পেলিন অভিযোগ করেন, মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের উত্তরসূরি কে হবেন—তা নিয়ে ওবামা প্রশাসনের পক্ষ থেকে তথ্য গোপন করা হচ্ছে। তিনি বলেন, ‘মিসরের চলমান বিক্ষোভের নেপথ্যের বিষয়টি আমরা জানতে চাই। মুসলিম ব্রাদারহুড বা কোনো চরমপন্থী দল মিসরের ক্ষমতা গ্রহণ করছে কি না, তাও আমাদের জানাতে হবে।’ পেলিন আরও বলেন, ‘আমাদের কাছে মিসর বিষয়ে সব তথ্য পরিষ্কার নয়। কোনো চরমপন্থী দল মিসরের ক্ষমতায় আসুক তা যুক্তরাষ্ট্রের কাম্য হতে পারে না।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বিকেলে টেলিফোনে কথা বলেছেন মিসরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের সঙ্গে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জো বাইডেন মিসরে গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশটিতে বিক্ষোভকারীদের জনগণের ইচ্ছা অনুযায়ী গ্রহণযোগ্য সমঝোতা, সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও সময়সীমা নিয়ে ওমর সুলেইমানের সঙ্গে কথা বলেন বাইডেন। মিসরে নিযুক্ত মার্কিন দূত ফ্রাঙ্ক উইজনার এর আগে বলেন, মিসরে সংস্কার কার্যকর করার জন্য প্রেসিডেন্ট মোবারককে স্বপদে থাকতে হবে। বিভিন্ন স্থান থেকে তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া শুরু হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে শনিবার বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, ফ্রাঙ্ক উইজনার তাঁর ব্যক্তিগত মতামত দিয়েছেন। প্রেসিডেন্ট মোবারক সংস্কার কার্যকর করার জন্য স্বপদে থাকবেন—এ বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়নি।এদিকে সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও শনিবার মিসরীয় নাগরিকেরা প্রতিবাদ সমাবেশ করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টা, লস অ্যাঞ্জেলেসসহ অন্তত ২০টি নগরে সমাবেশ করে মিসরের বিক্ষোভকারীদের সঙ্গে তাঁরা সংহতি প্রকাশ করেন। সমাবেশ থেকে প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবি জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনেও দিনভর প্রতিবাদ সমাবেশ করেন মিসরীয় লোকজন। সমাবেশ থেকে বলা হয়, এখন পর্যন্ত প্রেসিডেন্ট মোবারকের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে লোকদেখানো বলেই মনে হচ্ছে। কার্যকর পরিবর্তনের জন্য প্রেসিডেন্ট মোবারক আন্তরিক কোনো উদ্যোগ নেননি। তিনি পরিবর্তনের কথা বলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা করছেন। এ সময় বিক্ষোভকারীরা ‘মোবারক জান্তাকে মার্কিন সাহায্য বন্ধ করো’, ‘মোবারক সরে যাও, যেতে হবে’ বলে স্লোগান দেয়।ইজিপশিয়ান আমেরিকান ফেডারেশনের প্রধান আহমেদ ফাতাহি বলেন, মোবারকের প্রেসিডেন্ট পদ আঁকড়ে থাকা মিসরের নিরাপত্তার জন্য ইতিবাচক হবে না। তিনি পদত্যাগে দেরি করলে মিসরের রাজপথ আরও উত্তপ্ত হয়ে উঠবে।