প্রেসিডেন্ট কোরেয়ার সঙ্গে দেখা করলেন অ্যাসাঞ্জের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন তারবার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ গত বুধবার ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা ছেলের ভাগ্য নিয়ে আলোচনা করতে তিনি কোরেয়ার সঙ্গে আলাপ করেন। সুইডেনে প্রত্যাবাসনের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ (৪১) দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা চলছে। অ্যাসাঞ্জের আশঙ্কা, যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যাবাসিত হলে দেশটির কর্তৃপক্ষ তাঁকে গুপ্তচরবৃত্তির মামলার বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।বুধবার এক ঘণ্টা স্থায়ী বৈঠকে প্রেসিডেন্ট কোরেয়া অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জকে বলেন, ‘অ্যাসাঞ্জের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যে ইকুয়েডর তাঁর আবেদন দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করছে।’ তিনি বলেন, ‘ইকুয়েডরবাসীর মানবিক মূল্যবোধের ঐতিহ্য রয়েছে। তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল।’প্রেসিডেন্ট কোরেয়া আরও বলেন, তিনি যুক্তরাজ্য, সুইডেন ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি শ্রদ্ধা পোষণ করেন। অ্যাসাঞ্জের আবেদন বিবেচনার বিষয়টি আলোচনাসাপেক্ষ একটি ব্যাপার। তবে এটিও ঠিক, ইকুয়েডর তার সার্বভৌমত্ব নিয়ে আপস করে না। বৈঠকে ক্রিস্টিন অ্যাসাঞ্জ যুক্তরাজ্য তাঁর ছেলেকে সুইডেনে প্রত্যাবাসন করলে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা নিয়ে উদ্বেগ ও অস্বস্তি প্রকাশ করেন। টেলিগ্রাফ।