প্রেসিডেন্ট থেইনের সঙ্গে সু চির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চলতি মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অভাবনীয় বিজয়ের পর এটিই প্রেসিডেন্টের সঙ্গে সু চির প্রথম বৈঠক। রাজধানী নেপিডোতে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে দুই পক্ষের মধ্যে এ বৈঠক হয়। সাক্ষাতের পর সু চি জানান, তিনি পুরো বিষয়টিতে সন্তুষ্ট। তবে দেড় ঘণ্টার এ বৈঠকে দুই পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন গণতন্ত্রপন্থী এই নেত্রী। আলোচনা শেষে সু চি প্রেসিডেন্ট বাসভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজ করেন। নির্বাচনের পর সামরিক জান্তা-সমর্থিত সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য সু চিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তবে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বিশেষ করে দেশটিতে ছড়িয়ে পরা জাতিগত সংঘাত নিরসনে কাজ করার প্রস্তাব এখনো তিনি নাকচ করে দেননি। প্রেসিডেন্ট থেইন ক্ষমতা গ্রহণের পর সু চির সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক। এর আগে থেইন সেইনের সঙ্গে গত বছরের আগস্টে সু চি সাক্ষাৎ করেছিলেন। এরপরই আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সু চির ফিরে আসার পথ সুগম হয়। এরই পথ ধরে এবারের উপনির্বাচনে সু চির এ অংশগ্রহণ সম্ভব হলো। নির্বাচনে ৪৪টির মধ্যে ৪৩টি আসনে জয়লাভ করে এনএলডি। সু চি নিজেও একটি আসনে নির্বাচিত হন। এনএলডি নেত্রী জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট থেইন প্রকৃত অর্থেই দেশে গণতান্ত্রিক সংস্কার সাধনে আগ্রহী। তবে এ ক্ষেত্রে সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন আছে কি না সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নন সু চি।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কাল শুক্রবার প্রেসিডেন্ট থেইন ও সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। গত কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশটি সফরে যাচ্ছেন। তিনি থেইন ও সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। এএফপি।