মালদ্বীপের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী আগামী ৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট প্রয়োজন হলে তা হবে ১৬ নভেম্বর। পুলিশ কর্তৃপক্ষ ভোট বন্ধ করে দেওয়ার দুই দিন পর নতুন এই তারিখ ঘোষণা করা হলো।
নির্বাচন কমিশনের প্রধান ফুয়াদ তৌফিক সোমবার এক টুইটার বার্তায় বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট আগামী ৯ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট গত বছর অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক সংকট চলছে দেশটিতে। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফা ভোট সর্বোচ্চ আদালত বাতিল করেন। এরপর গত শনিবার পুলিশি বাধায় পুনর্বার ভোট গ্রহণের চেষ্টা ব্যর্থ হয়।
৭ সেপ্টেম্বরের প্রথম দফা ভোটে বিরোধী দলের নেতা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জয়ী হয়েছিলেন। সর্বোচ্চ আদালত কারচুপির অভিযোগ তুললেও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলেছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। শনিবারের ভোটেও নাশিদ জিততেন বলে মনে করা হচ্ছিল।
শনিবারের ভোট বাতিলের পক্ষে সাফাই গেয়ে বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ ওই দিন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের তিনজন প্রার্থীর মধ্যে শুধু নাশিদই ভোটার তালিকা অনুমোদন করেছিলেন। এর পরও ভোট গ্রহণ করা হলে তা দেশে রক্তপাত ডেকে আনত। আন্তর্জাতিক সম্প্রদায় কী বলছে, তা বড় কথা নয়, বরং নিজ দেশের রাজনৈতিক দলগুলো কী বলছে, এর ওপরই গুরুত্ব দেওয়া উচিত।
মালদ্বীপে ২০০৮ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাশিদ। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে সেনা, পুলিশের তৎপরতা ও সশস্ত্র বিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন, যেটাকে অভ্যুত্থান আখ্যা দিয়ে আসছেন তাঁর সমর্থকেরা। এর পর থেকেইস রাজনৈতিক অস্থিরতা চলছে। এএফপি।