
মালদ্বীপে গতকাল শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। এই নির্বাচন অবৈধ দাবি করে পুলিশ নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার বিতরণ বন্ধ করে দেয়। মালদ্বীপের সুপ্রিম কোর্ট গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গত সপ্তাহেই বাতিল করেন। এর ফলে দেশটিতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
পুলিশ নির্বাচনপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই নির্বাচন কমিশন বলেছিল, পূর্বনির্ধারিত সময়েই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কাছে প্রথম দফা নির্বাচনে পরাজিত এবং দ্বিতীয় দফায়ও পরাজিত হতে পারেন এমন দুই প্রার্থী শেষ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করায় তা বন্ধ রাখা হয়।
মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক এক বিবৃতিতে বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছিলাম। কিন্তু পুলিশ নির্বাচন কমিশন থেকে নির্বাচন-সংক্রান্ত কোনো কাগজ বাইরে নেওয়া বন্ধ করে দেয়।’ তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
পুলিশ বাহিনীর মুখপাত্র আবদুল্লা নেওয়াজ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে নির্বাচন করাকে তাঁরা অবৈধ মনে করেন। তাই নির্বাচন বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সব প্রেসিডেন্ট প্রার্থীকেই নির্বাচন কমিশনের প্রার্থীর তালিকা সম্পর্কে একমত হতে হবে। কিন্তু মাত্র একজন প্রার্থী ওই তালিকা অনুমোদন করে স্বাক্ষর করেছেন।
গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু ও স্বাধীন হয়েছে বলে আন্তর্জাতিক সম্প্রদায় মত দিয়েছিল। তবে উচ্চ আদালত দাবি করেন, সেখানে কিছু অনিয়ম হয়েছে। ওই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নাশিদ ৪৫ দশমিক ৪৫ শতাংশ ভোট পান। কিন্তু সরাসরি নির্বাচিত হতে তাঁর প্রয়োজন ছিল ৫০ শতাংশ ভোট। তাই গতকাল শনিবার নির্বাচন কমিশনের শীর্ষ দুজন প্রার্থী নিয়ে দ্বিতীয় দফা নির্বাচন করার কথা ছিল।
সাবেক প্রেসিডেন্ট নাশিদ গত শুক্রবার বলেন, প্রথম দফা নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা কাশিম ইব্রাহিম ও দ্বিতীয় অবস্থানে থাকা আবদুল্লাহ ইয়ামিনের চ্যালেঞ্জ সত্ত্বেও পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন হওয়া উচিত। উল্লেখ্য, আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের দীর্ঘদিনের শাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই। ইয়ামিন আগের দফা নির্বাচনে প্রায় ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন।
মামুন আবদুল গাইয়ুম ৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০০৮ সালে দেশটির প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নাশিদের কাছে হেরে যান। তবে এখনো গাইয়ুমের সমর্থকেরাই বিচার বিভাগসহ দেশের গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগগুলো নিয়ন্ত্রণ করেন। গাইয়ুমের সমর্থকেরা নাশিদকে আবার শাসনক্ষমতায় দেখতে চান না।
নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিএন) নির্বাচন ‘বানচালের প্রচেষ্টার’ প্রতিবাদ জানিয়েছে। তারা এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। এমডিএনের মুখপাত্র হামিদ আবদুল গাফফার বলেন, অগণতান্ত্রিক শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ব্যাহত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই প্রক্রিয়া বন্ধে হস্তক্ষেপ করা উচিত। এদিকে পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কূটনীতিক বলেন, শনিবার নির্বাচন অনুষ্ঠিত না হওয়াটা মালদ্বীপের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
পুলিশের নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশন কোথাও ব্যালট বাক্স পাঠাতে পারবে না। এই নির্বাচন হওয়ার কথা ছিল মালদ্বীপের জনবসতিপূর্ণ ২০২টি দ্বীপে।
গতকালের নির্বাচন বন্ধের কারণে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ২০০৮ সালে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট হন নাশিদ। তাঁকে গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা থেকে উৎখাতের মধ্য দিয়ে দ্বীপদেশটিতে অনিশ্চয়তার শুরু হয়। ৪২ বছর বয়স্ক নাশিদের ভাষ্যমতে, একটি পুলিশি অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়।এএফপি ও বিবিসি।