প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন নিলেন পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গতকাল রোববার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজ দল ইউনাইটেড রাশিয়া পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন। ফলে চার বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে তাঁর আবারও দেশের শীর্ষ পদ গ্রহণের পথ প্রশস্ত হলো।২০১২ সালের ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হবে। দলের সমর্থন হ্রাসের প্রেক্ষাপটে আসন্ন পার্লামেন্টারি নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টিতে গতিশীলতা ফিরিয়ে আনতে এখন এই ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।গত ২৪ সেপ্টেম্বর দলীয় বৈঠকে ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট মেদভেদেভ।এই ঘোষণায় রাশিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এই অভিযোগও তুলেছেন যে রাশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয় পর্দার অন্তরালে।জনমত জরিপে দেখা গেছে, পুতিন আগামী নির্বাচনে জয়লাভ করতে পারেন। যদিও সম্প্রতি তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। তবে জরিপে দেখা যায়, ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। রয়টার্স।