প্রেসিডেন্ট পদে প্রার্থিতার সিদ্ধান্ত আগামী বছর

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হিলারি ক্লিনটনের আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে৷ এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন৷ গত রোববার তাঁর সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়৷ খবর এপির৷
নিজের লেখা নতুন বই হার্ড চয়েজেস-এর বিক্রি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় সফরের পরিকল্পনা করছেন হিলারি৷ তিনি বলেন, ‘আমি এই বছরটি নেব৷ এ সময়ের মধ্যে গোটা দেশ ঘুরব৷ আগামী শরতে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে সহযোগিতা দেব৷ তার আগ পর্যন্ত আমার দম ফেলার সময় নেই৷’
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে৷ এতে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন হিলারি ক্লিনটন৷ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করব, তখন সিদ্ধান্ত নেব৷’ তবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়৷
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না, বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে এই প্রশ্নটি এখন হিলারিকে হামেশাই শুনতে হচ্ছে৷ তবে তিনি নির্বাচনে অংশ নিলে কার কী পরিণতি হবে, তা নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে৷